লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩২, শান্তি ফেরানো নিয়ে শঙ্কা

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩২, শান্তি ফেরানো নিয়ে শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে ইসরায়েলের ভয়াবহ বিমান ও ড্রোন হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এই রক্তক্ষয়ী সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হতে যাওয়া অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক আলোচনা গভীর সংকটের মুখে পড়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, চলতি সপ্তাহে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এগিয়ে নিতে আজ রোববার সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী দফার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিদলের পাশাপাশি মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও অংশ নেবেন।
তবে গত শুক্রবার নতুন করে যুদ্ধবিরতির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলের অনবরত হামলা পরিস্থিতিকে জটিল করে তুলেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, লেবাননে স্থায়ী যুদ্ধবিরতি এই কূটনৈতিক প্রক্রিয়ার জন্য অপরিহার্য। এই সংঘাত বন্ধ না হলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা সম্পূর্ণ ভেস্তে যেতে পারে।
লেবাননের সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুযায়ী, গতকাল শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ জেলায় ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কাফর রেমান গ্রামে ইসরায়েলের আরেকটি হামলায় লেবাননের এক সেনাসদস্য নিহত হয়েছেন। লেবাননের টায়ারেও ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। সেখানকার বারিশ গ্রামে ইসরায়েলি হামলায় একই পরিবারের চার সদস্য-বাবা, মা এবং তাদের দুই সন্তান নিহত হয়েছেন। এ ছাড়া পশ্চিম বেকা অঞ্চলের সোহমোর এলাকার একটি বাড়িতে বিমান হামলায় চারজন নিহত ও একজন আহত হন।
লেবাননের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্যমতে, সিডন জেলার কানারিতে ইসরায়েলি হামলায় অন্তত ৭ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত শুক্রবার নতুন করে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই ইসরায়েলি হামলায় দেশটিতে ৮৩ জন নিহত এবং ১৪১ জন আহত হন। হতাহতদের বড় অংশই দক্ষিণ ও পূর্ব লেবাননের বাসিন্দা।
বিশ্লেষকেরা বলছেন, সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে আজ রোববার যে বৈঠক হওয়ার কথা রয়েছে, লেবাননে ইসরায়েলের এই একের পর এক হামলার কারণে তা সফল হওয়া এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। লেবাননে নতুন করে ঘোষিত যুদ্ধবিরতির স্থায়িত্ব এখন চরম হুমকির মুখে। গতকাল মধ্যরাতের পর থেকে দক্ষিণ লেবাননে অন্তত ১০০ বার বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সূত্র : আল জাজিরা। 

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173264