বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণ খরচ কমানোর দাবি
স্টাফ রিপোর্টার : চার দফা দাবিতে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে বগুড়া জেলা আলু চাষি ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ। শনিবার (২০ জুন) দুপুরে তারা এই সংবাদ সম্মেলন করেন।
এসময় লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, বছরের পর বছর আলু চাষিরা কোল্ড স্টোরেজ মালিকদের অযৌক্তিক ভাড়া বৃদ্ধির কারণে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছেন। আলু একটি পচনশীল কৃষিপণ্য হওয়ায় সংরক্ষণের জন্য কৃষকদের হিমাগারের ওপর নির্ভর করতেই হয়। আর এই নির্ভরশীলতার সুযোগ নিয়ে এক শ্রেণির কোল্ড স্টোরেজ মালিক অতিরিক্ত ভাড়া আদায় করছেন।
নেতৃবৃন্দ বলেন, ২০২৩ সালে প্রতি বস্তা (৬৫ কেজি) আলুর সংরক্ষণ ভাড়া ছিল সর্বোচ্চ ২৪০ থেকে ২৮০ টাকা। ২০২৪ সালে তা বেড়ে ২৮০ থেকে ৩০০ টাকা এবং ২০২৫ সালে হঠাৎ তা প্রতি কেজি ৮ টাকা হারে বাড়ানো হয়। তাতে ৬৫ কেজির একটি বস্তার ভাড়া দাঁড়ায় ৫২০ টাকা, যা কৃষকদের জন্য ছিল চরম দুর্ভোগের। কৃষক ও ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে কিছু এলাকায় ভাড়া কমিয়ে ৩৫০ থেকে ৩৬০ টাকা নির্ধারণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। পরবর্তীতে কৃষি বিপণন অধিদপ্তর প্রতি কেজি ৬ টাকা ৭৫ পয়সা হারে ভাড়া নির্ধারণ করে, এতে প্রতি বস্তার ভাড়া দাঁড়ায় ৪৩৮ টাকা ৭৫ পয়সা। এই ভাড়াও অযৌক্তিক ও বাস্তবসম্মত নয় বলে দাবি করেন তারা। কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত ভাড়া প্রত্যাখ্যান করে স্মারকলিপি প্রদান করলে গত বছরের ২৭ মার্চ বিভাগীয় কৃষি বিপনণের উপপরিচালক, রাজশাহী ভাড়াটি পুনর্বিবেচনা জন্য সুপারিশ প্রদান করলেও এখনো তা কার্যকরে কোন সিদ্ধান্ত না আসায় কৃষকরা চরমঅনিশ্চয়তার মধ্যে রয়েছেন। নেতৃবৃন্দ দাবি করেন, এক বস্তা (৬৫ কেজি) আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজের প্রকৃত ব্যয় সর্বোচ্চ ২২০ থেকে ২৩০ টাকার বেশি নয়।
এমতাবস্থায় তারা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো-সারা দেশে ৬৫ কেজি আলুর প্রতি বস্তা কোল্ড স্টোরেজ ভাড়া সর্বোচ্চ ৩শ’ টাকার মধ্যে নির্ধারণ, কোল্ড স্টোরেজ পরিচালনার প্রকৃত ব্যয় নিরূপণে প্রত্যেক বছর নিরপেক্ষ তদন্ত করে ন্যায্য ও যৌক্তিক ভাড়া কাঠামো প্রণয়ন, কোল্ড স্টোরেজ মালিকদের সিন্ডিকেট ও স্বেচ্ছাচারী ভাড়া বৃদ্ধি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক নির্ধারিত বর্তমান ভাড়া পুনর্বিবেচনা করে আগামী ২৫ জুনরে মধ্যে নতুন প্রজ্ঞাপন জারি করতে হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173249