রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও  জালিয়াতি চক্রের ৬ সদস্য  গ্রেফতার, উপকরণ উদ্ধার

রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও  জালিয়াতি চক্রের ৬ সদস্য  গ্রেফতার, উপকরণ উদ্ধার

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতারসহ স্ট্যাম্প, স্বাক্ষরিত চেক, জাতীয় পরিচয়পত্র ও সনদপত্র উদ্ধার করা হয়েছে।  রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তীর তত্ত্বাবধানে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২০ জুন) ভোররাতে রংপুর মহানগরীর ধাপ জেল রোডস্থ আরজি ডায়াগনস্টিক সেন্টার সংলগ্ন একটি ভবনে অভিযান পরিচালনা করা হয়।

মেট্রো ডিবি পুলিশ জানায়, অভিযানকালে ঘটনাস্থল থেকে ৬ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নগরীর কামালকাছনা চিরার মিল এলাকার মো. তাওরাত আকরাম (২৭), সাতগাড়া এলাকার মো. বাধন মিয়া (৩৭), ধাপ মোহাম্মদপুর এলাকার মো. সাহেব আলী (২৬), বদরগঞ্জের তালুক দামোদরপুর এলাকার মো. আতিকুর রহমান (৩৪), মো. আশরাফুল ইসলাম (৩৬) ও দিনাজপুর পার্বতীপুরের তেলীপাড়ার মো. হাফিজ আল মামুন (২০)।

মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৫টি স্ট্যাম্প, ৮টি স্বাক্ষরিত চেক, ৩টি জাতীয় পরিচয়পত্র, ৪টি মূল সনদপত্র (সার্টিফিকেট) এবং ৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত এবং প্রাথমিক অনুসন্ধানে একটি সংঘবদ্ধ জালিয়াতি চক্রের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও নেটওয়ার্ক শনাক্তে তদন্ত অব্যাহত আছে। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173245