অবশেষে কাজী রাজুর স্বপ্ন পূরণ
অভি মঈনুদ্দীন ঃ গুনী কিংবা কিংবদন্তী পরিচালকদের নাটক সিনেমায় কাজ করার স্বপ্ন থাকে সকল অভিনয়শিল্পীদের। ঠিক তেমনি স্বপ্ন ছিলো বাংলাদেশের মঞ্চ নাটক ও টিভি নাটকের ভার্সেটাইল অভিনেতা কাজী রাজুরও। কাজী রাজু মঞ্চ নাটকে, টিভি নাটকে অনেক গুনী নির্মাতাদের নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন। কিন্তু দীর্ঘদিনের অভিনয় জীবনের পথচলায় বাংলাদেশের কিংবদন্তী চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল-এর কোনো সিনেমাতে কাজ করার সুযোগ হয়ে উঠেনি তার।
অবশেষে কাজী রাজু তানভীর মোকাম্মেল-এর নতুন সিনেমা ‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমায় কাজ করার সুযোগ পেলেন। সিনেমাটিতে তিনি বেশ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন বলে জানান তিনি। কাজী রাজু এর আগে ‘টিপটিপ বৃষ্টি’,‘গন্তব্য’,‘ জামদানী’ ‘হরিজুপিয়া’ সিনেমায় অভিনয় করেছেন। টিভি নাটকে কাজী রাজুর অভিনয়ে অভিষেক হয় প্রয়াত কিংবদন্তী অভিনেতা, নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের একটি ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। ফজলুর রহমানের ‘স্বপ্নচূড়া’ ধারাবাহিকের কবুতর ভাই তার অভিনীত অন্যতম আলোচিত এবং দর্শকনন্দিত চরিত্র।
এছাড়াও গিয়াস উদ্দিন সেলিমের ‘হারানের নাত জামাই’, নোমান রবিনের ‘সিটি বাস-টু’ নাটকে তার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। পাবনার দৌলতপুরের সন্তান কাজী রাজু। খুলনার ‘বিয়নমনি থিয়েটার’ দিয়ে স্কুল জীবন থেকেই তার অভিনয় জীবন শুরু। বিগত সাত বছর যাবত ‘দেশ নাটক’-এর হয়ে মঞ্চে অভিনয করছেন তিনি। এই দলের হয়ে ‘পারাপার’ নাটকের রশীদ কোম্পানী চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে দর্শককে মুগ্ধ করছেন তিনি। কাজী রাজুর বাবা প্রয়াত কাজী নওয়াব আলী ও মা প্রয়াত ফিরোজা বেগম। তার স্ত্রী লায়লা বিলকিস ও একমাত্র সন্তান তামজিদ স্বনক। মাসুম রেজার পরিচালনায় তিনি সাত পর্বের ‘কবুল’ ওয়েব সিরিজে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।
অভিনয় জীবনের প্রাপ্তি এবং ‘সোজন বাদিয়ার ঘাট’ সিনেমায় অভিনয় করা প্রসঙ্গে কাজী রাজু বলেন,‘ আমার মনে মনে স্বপ্ন ছিলো শ্রদ্ধেয় তানভীর মোকাম্মেল ভাইয়ের সিনেমায় অভিনয করার। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হলো। আমি চেষ্টা করছি আমার চরিত্রটি ঠিকঠাক মতো ফুটিয়ে তুলতে। আর আমার অভিনয় জীবনের আজকের এই অবস্থানে আসার নেপথ্যে আমার প্রত্যেক পরিচালক, সহশিল্পী, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব দারুণভাবে অনুপ্রেরণা দিয়েছে, সহযোগিতা করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি অভিনয়ের জন্য কোনো স্বীকৃতি চাইনা, তবে তবে স্বীকৃতি পেলে ভালো লাগবে। কিন্তু অভিনয়টা আজীবন করে যেতে চাই। কারণ অভিনয় না করতে পারলে আমি অসুস্থ হয়ে যাবো।’
কাজী রাজু এই মুহুর্তে ‘রক্তের বন্ধন’,‘ পরম্পরা’ ও ‘ঘর যখন পর’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173237