খিলগাঁওয়ে স্কয়ার গ্রুপের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

খিলগাঁওয়ে স্কয়ার গ্রুপের ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে পরিচালিত দেশব্যাপী মোবাইল হেলথকেয়ার উদ্যোগ ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইল জুড়ে’-এর অংশ হিসেবে আজ ২০ জুন (শনিবার) রাজধানীর খিলগাঁওয়ে স্কয়ার গ্রুপের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। খিলগাঁওয়ের বালুরপাড়ে অবস্থিত আব্দুল আজিজ ভূঁইয়া ও বেগম শায়েস্তা নূরানী হাফিজিয়া কওমী মাদ্রাসা প্রাঙ্গণে সকাল ৮:০০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত এই ক্যাম্পটি পরিচালিত হয়।

হেলথ ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং ঢাকা-৯ আসনের সংসদ সদস্য জনাব হাবিবুর রশিদ হাবিব। তিনি তাঁর এলাকার অসহায় মানুষদের সেবাদানে পরিচালিত এই ক্যাম্পটিকে সাধুবাদ জানান এবং আয়োজক স্কয়ার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনব্যাপী এই ক্যাম্পে আগত স্থানীয় চিকিৎসা-বঞ্চিত ও দুস্থ মানুষদের চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। এছাড়া সেবাগ্রহীতাদের বিনামূল্যে রক্তচাপ পরিমাপ ও ডায়াবেটিস পরীক্ষার সুবিধা দেওয়া হয়।

প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর মানবসেবার আদর্শে দেশের ৫৬ হাজার স্কয়ার মাইল জুড়ে প্রান্তিক মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই মোবাইল হেলথকেয়ার উদ্যোগটি ধারাবাহিকভাবে আয়োজিত হচ্ছে। এরই মধ্যে দেশের প্রায় ১৪টি জেলার ৬০ হাজারেরও বেশি মানুষ এ উদ্যোগের আওতায় বিনামূল্যে স্বাস্থ্য ও ঔষধ সেবা গ্রহণ করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173231