চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার
বিনোদন ডেস্ক : রাজধানীর গুলশানে একটি বাসা থেকে বিশেষ কৌশলে তৈরি গোপন সুড়ঙ্গের ভেতর থেকে বহুরূপী প্রতারক মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। গ্রেপ্তার হওয়া আবুল বাশার ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববির স্বামী বলে জানা গেছে।
শুক্রবার রাত থেকে গুলশান-২ এলাকার একটি বাসা ঘিরে রাখে পুলিশ। পরে শনিবার সকালে বাসাটিতে তল্লাশি চালিয়ে বাথরুমের পেছনে তৈরি গোপন সুড়ঙ্গ থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গুলশান অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, আবুল বাশারের বিরুদ্ধে বহু প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি পুলিশ ও সেনাবাহিনীর নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করতেন বলে অভিযোগ পাওয়া গেছে। কয়েকদিন ধরে নজরদারিতে রাখার পর তার অবস্থান নিশ্চিত হওয়া গেলে অভিযান চালানো হয়।
তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গুলশান থানার একটি প্রতারণা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।
এর আগে গত বছরও একই ধরনের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে জামিনে মুক্তির পর তিনি আবারও প্রতারণার সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মির্জা আবুল বাশার পটুয়াখালী সদর উপজেলার ইসলামাবাদের পশ্চিম আউলিয়াপুর এলাকার বাসিন্দা। তিনি বিটিএল গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে পরিচিত, যার বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, ভুয়া প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া, সেনা-পুলিশ সদস্যসহ সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা এবং একাধিক মামলায় জড়িত থাকা তার বিরুদ্ধে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173225