সিনেমায় অভিষেক হচ্ছে রেহানের

সিনেমায় অভিষেক হচ্ছে রেহানের

অভি মঈনুদ্দীন ঃ মাত্র কিছুদিন হলো অভিনয়ের দুনিয়ায় টাঙ্গাইলের সন্তান ফররুখ আহমেদ রেহানের অভিনেতা হিসেবে যাত্রা শুরু হলো। এরইমধ্যে বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেও ভূয়সী প্রশংসিত হয়েছেন রেহান। গেলো ঈদেও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ইউটিউব ফিল্ম ‘অভিযান’-এ রেহান তার নিজের চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন। এবার তার ভক্ত দর্শকেরা রেহানকে সিনেমায় দেখতে পাবেন। সুমন, শাকিব ও আদনানের গল্পে ‘আন্ধার’ নামক সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে সিনেমায় অভিষেক হচ্ছে রেহানের। সিনেমাটি নির্মাণ করছেন রায়হান রাফী।

সিনেমাটিতে রেহান অভিনয় করার সুযোগ পেয়েছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, গাজী রাকায়েত’সহ আরো বেশ ক’জন শিল্পীর সঙ্গে। নিজের অভিনীত প্রথম সিনেমা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত রেহান। যেহেতু দীর্ঘ একটা সময় ধরেই তিনি সিনেমাটি অভিনয় করছিলেন এবং এখনো তার কিছু কাজ বাকী আছে, তাই এখনই জানান দিতে চাচ্ছিলেন না সিনেমাটি সম্পর্কে। আরেকটু সময় নিয়ে সবকিছু চুড়ান্ত হলেই তবেই তিনি ঘোষনায় আসতে চাচ্ছিলেন। কিন্তু যেহেতু রেহান এই সময়ের একজন আলোচিত তরুন অভিনেতা এবং তার আগামীটা আরো বেশ উজ্জ্বল তাই তার সিনেমায় অভিনয়ের খবরটিও অনেকেরই জানা হয়ে গেছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে রেহানের সঙ্গে কথা হলে তিনি সিনেমাটিতে অভিনয়ের কথা জানিয়ে রেহান বলেন,‘ আন্ধার আমার অভিনীত প্রথম সিনেমা। এতে আমি অভিনয় করছি। তবে সিনেমার গল্প কী কিংবা আমার চরিত্রই বা কী সেটা নিয়ে আপাতত কিছু বলতে পারছিনা। তবে যেহেতু রায়হান রাফী ভাই একজন মেধাবী এবং পরীক্ষিত পরিচালক। তাই আমার যারা ভক্ত দর্শক তাদেরকে শুধু এতোটুকুই বলতে চাই অবশ্যই আন্ধার দর্শকের ভালোলাগবে। সিনেমাটিতে আমি অনেক গুনী শিল্পীদের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। এটাও আমার জন্য সত্যিই অনেক বড় বিষয়। কারণ অভিনয়ের আঙ্গিনায় আমি এখনো একেবারেই নতুন। তাদের সঙ্গে কাজ করে করে আমি শেখার চেষ্টা করছি।’

রেহানকে নিয়ে ‘আন্ধার’এর একজন গল্পকার সাকিব চৌধুরী তার ফেসবুকে লিখেছেন,‘ হিমেল চরিত্রের জন্য আমাদের একজন নতুন ট্যালেন্টের দরকার ছিল-যাকে আমরা ফ্রেশ ভাবে উপস্থাপন করব দর্শকদের সামনে। রায়হান রাফী অনেক খুঁজে তাকে বের করেছেন। আমার বিশ্বাস আন্ধার মুক্তির পর অনেকেই তাকে খুঁজবে।’

বিশ্বকাপ ফুটবল খেলা শেষ হলে প্রচারণা শুরু হবে ‘আন্ধার’ সিনেমার। চলতি বছরের শেষপ্রান্তেই রেহান অভিনীত প্রথম সিনেমা ‘আন্ধার’ মুক্তি পাবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173216