সাংবাদিকদের প্রতি যে আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সাংবাদিকদের প্রতি যে আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী

জাতীয় একটি দৈনিকের প্রকাশক-সম্পাদকসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা এবং ভারপ্রাপ্ত সম্পাদক গ্রেফতারের ঘটনায় শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার রাতে তার প্রেস সেক্রেটারি আতিকুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে বিভিন্ন অপতথ্য ছড়ানো হচ্ছে। এ কারণে তার নাম ব্যবহার করে বা তার পক্ষে কেউ যেন ব্যক্তিগতভাবে মামলা, বিবৃতি বা অন্য কোনো পদক্ষেপ না নেন, কারণ এসবের কোনো অনুমোদন বা নির্দেশনা তিনি দেননি।

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর প্রকাশক-সম্পাদকসহ ছয় সাংবাদিককে ঘিরে সৃষ্ট ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী আশা করেন, সংশ্লিষ্ট সবাই আলোচনা ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবেন এবং গ্রেফতার সাংবাদিক দ্রুত মুক্তি পাবেন।

তিনি আরও বলেন, মামলার বাদীও একজন সাংবাদিক ও বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ হওয়ায় এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজে কোনো বিভেদ বা উত্তেজনা সৃষ্টি না করে সবাইকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। পাশাপাশি তার সম্পর্কে প্রচারিত তথ্য নিরপেক্ষভাবে যাচাই করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173167