অস্ট্রেলিয়ার গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক আরোপ করছে চীন

অস্ট্রেলিয়ার গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক আরোপ করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়া থেকে আমদানি করা গরুর মাংসের ওপর অতিরিক্ত ৫৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। নির্ধারিত বার্ষিক আমদানি কোটা পূরণ হয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শুক্রবার (১৯ জুন) জানিয়েছে বেইজিং।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে গরুর মাংসের দাম ধারাবাহিকভাবে কমেছে। বিশ্লেষকদের মতে, অতিরিক্ত সরবরাহ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রবৃদ্ধি মন্থর হয়ে যাওয়ায় চাহিদা কমে যাওয়াই এর প্রধান কারণ।

চীনের বাণিজ্য মন্ত্রণালয় গত ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের গরুর মাংস আমদানির জন্য বার্ষিক কোটা নির্ধারণ করে। তদন্তে দেখা যায়, অতিরিক্ত আমদানির কারণে চীনের স্থানীয় গবাদিপশু খাত ক্ষতির মুখে পড়ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের জন্য অস্ট্রেলিয়ার গরুর মাংস আমদানির কোটা নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫ হাজার টন। তবে বৃহস্পতিবারই সেই সীমা পূরণ হয়ে গেছে।

এর ফলে শনিবার থেকে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা গরুর মাংসের ওপর অতিরিক্ত ৫৫ শতাংশ শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছে চীনা কর্তৃপক্ষ।

চীন এই পদক্ষেপকে ‘সুরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করেছে এবং জানিয়েছে, ভবিষ্যতে ধীরে ধীরে এসব শুল্ক শিথিল করা হতে পারে।

চীনের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। চলতি বছরের জানুয়ারিতে দেশটির সরকার বলেছিল, নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে তারা ‘হতাশ’। অস্ট্রেলিয়ার একটি শিল্প সংগঠন সতর্ক করে জানিয়েছিল, এর ফলে দুই দেশের মধ্যে ১ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারেরও বেশি মূল্যের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে।

সূত্র: এএফপি

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173106