শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ হাজার কেজি চাল জব্দ, আটক ১

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ হাজার কেজি চাল জব্দ, আটক ১

শেরপুরে বস্তা পরিবর্তন করে বাজারজাত করার সময় ৩৩ হাজার ১০০ কেজি সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার পৌর শহরের চাপাতলী এলাকার জেরিন রাইস প্রসেসিং মিলে এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তি মো. বোরহান উদ্দিন (৪২)।

তিনি সদর উপজেলার কসবা ভাটিপাড়া গ্রামের মৃত বাবুল তালুকদারের ছেলে এবং জব্দকৃত চালের মালিক।

অভিযান পরিচালনাকারী শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, খাদ্য অধিদপ্তরের ৫০ কেজির ৫০০ বস্তা এবং ৩০ কেজির ২৭০ বস্তাসহ মোট ৭৭০ বস্তায় থাকা ৩৩ হাজার ১০০ কেজি চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের আনুমানিক মূল্য ১৬ লাখ ২১ হাজার ৯০০ টাকা।

অভিযোগ রয়েছে, ৫০ কেজির সরকারি বস্তা খুলে ৩০ কেজির নতুন বস্তায় চাল ভরে তা পুনরায় বাজারজাত করার চেষ্টা চলছিল। উদ্ধার হওয়া বস্তাগুলোতে খাদ্যবান্ধব কর্মসূচি-২০২৬ সালের জুন মাস উল্লেখ ছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পুরোনো (২০১৯ থেকে ২০২৫ সালের) বস্তার চাল কম দামে সংগ্রহ করে নতুন বস্তায় ভরে বেশি দামে বিক্রির পরিকল্পনা ছিল।

অভিযানের সময় শেরপুর পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার উপস্থিত ছিলেন।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173092