পরিকল্পিত স্ক্রিপ্ট বোঝার মগজ না থাকলে মগজে শান দিন: সারজিস

পরিকল্পিত স্ক্রিপ্ট বোঝার মগজ না থাকলে মগজে শান দিন: সারজিস

সংসদে বিএনপির এক সংসদ সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে দেওয়া ওই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির সংসদ সদস্য খন্দকার আবু আশফাককে উদ্দেশ করে বলেন, মামুনুল হককে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা শেখ হাসিনা সরকারের ‘পুরোনো রাজনৈতিক ফ্রেমিং’-এরই পুনরাবৃত্তি।

সারজিস আলম লেখেন, ‘আপনি মাওলানা মামুনুল হককে যেই ফ্রেমে ফ্রেমিং করেছেন, সেটা শেখ হাসিনা ও তার পেটোয়া বাহিনীর করা ফ্রেমিং। এই নাটকের স্ক্রিপ্টগুলো খুবই পুরোনো। আপনাদের দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধেও বহুবার একই কৌশল প্রয়োগ করা হয়েছে। এত সহজে এবং এত দ্রুত ভুলে গেলে চলবে?’

তিনি আরও বলেন, এই ধরনের ‘ফ্রেমিং’-এর মাধ্যমে রাতের ভোটকে গণতন্ত্রের উত্তরণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, দাড়ি-টুপি পরা মানুষকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা হয়েছে, বিএনপি-জামায়াতের বহু নেতাকর্মী বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং শাপলা চত্বরের ঘটনাকেও ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়েও বিভিন্ন সময় একই ধরনের প্রচারণা চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষাংশে খন্দকার আবু আশফাককে উদ্দেশ করে সারজিস আলম বলেন, ‘এই পরিকল্পিত স্ক্রিপ্ট বোঝার মতো মগজ যদি আপনার মাথায় না থাকে, তাহলে মগজে শান দিন। পুরোনো সেই পথ অনুসরণ করলে পরিণতি আরও শোচনীয় হবে।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173074