ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কপ্রায় এক বছর পর আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি ২২-২৩ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের (এনএসএ) ১৬তম বৈঠকে অংশ নেবেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ওয়াং ইর সর্বশেষ ভারত সফর ছিল গত বছরের আগস্টে। সে সময় তিনি অজিত ডোভাল ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। তবে গত মাসে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি যোগ দিতে পারেননি।

২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষের পর চীন-ভারতের উচ্চপর্যায়ের রাজনৈতিক যোগাযোগ অনেকটাই কমে গেলেও ২০২৪ সাল থেকে দুই দেশের সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। ওই বছর সীমান্তে সেনা প্রত্যাহারসংক্রান্ত সমঝোতা, কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক এবং পরবর্তী সময়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর ধারাবাহিকতায় কৈলাস মানস সরোবর যাত্রা ও সরাসরি যাত্রীবাহী ফ্লাইট পুনরায় চালুর মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছর কিরগিজস্তানে অনুষ্ঠেয় এসসিও শীর্ষ সম্মেলনেও মোদী ও শি জিনপিংয়ের মধ্যে আরও একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে।

নয়াদিল্লি সফরকালে ওয়াং ই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পৃথক বৈঠক করতে পারেন। বর্তমানে ১১ সদস্যের ব্রিকস জোটের সভাপতিত্ব করছে ভারত।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173072