বগুড়ার ধুনটে মাজার ভক্ত পাগল ও নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে রাস্তার পাশে পরিত্যক্ত ঘর থেকে মাজার ভক্ত মানসিক ভারসাম্যহীন (পাগল) বৃদ্ধ ও স্বামীর ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৃথক স্থান থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। এরা হলো ধুনট উপজেলার রামনারায়নপুর গ্রামের দুলাল সেখের স্ত্রী রাহেলা বেগম (৫৫) ও শেরপুর উপজেলার রণবীর বালা গ্রামের মাজার ভক্ত মানসিক ভারসাম্যহীন (পাগল) আমিনুল ইসলাম আরমান (৬৮)।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামনারায়নপুর গ্রামের নিহত রাহেলা বেগম দীর্ঘদিন ধরে পক্ষাঘাত রোগে আক্রান্ত ছিলেন। পরিবারের পক্ষ থেকে তাকে বেশ ক’বার চিকিৎসা করানো হলেও রেহানা সুস্থ হয়ে ওঠেননি। এ অবস্থায় রোগযন্ত্রনা সইতে না পেরে বৃহস্পতিবার সকালের দিকে রেহানা বেগম ঘরের ভেতর তীরের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সংবাদ পেয়ে থানা পুলিশ স্বামীর ঘর থেকে রেহানার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।
অপরদিকে শেরপুর উপজেলার রণবীর বালা গ্রামের আমিনুল ইসলাম আরমান দীর্ঘদিন ধরে মাজার ভক্ত মানসিক ভারসাম্যহীন রোগী। মাঝে মধ্যেই সে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যান। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করে বাড়িতে ফিরে আনেন। তবে বেশীর ভাগ সময় সে মাজার ভক্তদের বাড়িতে অবস্থান করতেন।
এরই ধারবাহিকতায় ১২ জুন বিকেল ৩টার দিকে আমিনুল ইসলাম আরমান নিজ বাড়ি থেকে নিরুদ্দেশ হন। এ অবস্থায় বৃহস্পতিবার ১০টার দিকে ধুনট উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে একটি পরিত্যক্ত ঘরের ভেতর আরমানের মৃতদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। সংবাদ পেয়ে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পৃথক দু’টি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে দু’টি মৃতদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173050