বগুড়ায় নববধূ হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, লাখ টাকা জরিমানা
কোর্ট রিপোর্টার : বিয়ের ১০ মাসের মাথায় মারপিট ও নির্যাতন করে স্ত্রী ছন্দা রানী কর্মকারকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামী গোবিন্দ চন্দ্র কর্মকার ওরফে পলাশকে যাবজ্জীবন কারাদন্ড এবং এক লাখ টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক মো. আনোয়ারুল হক গতকাল বৃহস্পতিবার এই মামলার রায় দেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জের উল্লাপাড়ার উপজেলার শাহাজাহানপুর গ্রামের সুনীল চন্দ্র কর্মকারের মেয়ে ছন্দা রানী কর্মকারের (২০) সাথে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কইল কর্মকার পাড়ার সুকুমার চন্দ্র কর্মকারের ছেলে আসামি গোবিন্দ্র চন্দ্র কর্মকার ওরফে পলাশের (৪০) বিয়ে হয়।
বিয়ের পর তারা ঘর-সংসার করাকালে বিগত ২০১৪ সালের ২২ নভেম্বর সকাল ৯টার দিকে গোবিন্দ্র চন্দ্র কর্মকার ওরফে পলাশ পারিবারিক তুচ্ছ ঘটনায় স্ত্রী ছন্দা রানী কর্মকারকে মারপিট ও নির্যাতন করে এবং এক পর্যায়ে ছন্দা মারা গেলে তার লাশ বাড়ির উঠানে রেখে বাড়ির লোকজন ডায়রিয়ার মারা গেছে বলে প্রচার করে তড়িঘড়ি দাহের চেষ্টা করে।
পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ছন্দার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে নিহত ছন্দা রানীর বড় ভাই দুপচাঁচিয়া থানায় এই হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে এসআই মোতালেব হোসেন আদালতে মামলার চার্জশিট দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন, বাদি রাষ্ট্রপক্ষে নারী ও শিশু ট্রাইবুন্যাল নং-১ এর পিপি এড. আলী আসগার এবং আসামি পক্ষে এড. সিরাজুল ইসলাম (৩)।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173044