বগুড়ায় ২ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় অজ্ঞানপার্টির ২ জন গ্রেফতার

বগুড়ায় ২ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় অজ্ঞানপার্টির ২ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাব-১২ বগুড়ার দুটি পৃথক অভিযানে মেহেদী হাসান সৌরভ (২০) ও উজাম মিয়া (৩৪) নামে অজ্ঞানপাট্টির দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে র‌্যাব-১২, বগুড়ার একটি দল বগুড়া মহানগরের সাতমাথায় সপ্তপদী মার্কেটের সামনে অভিযান চালিয়ে মামলার তদন্তে প্রাপ্ত প্রধান সন্ধিগ্ধ আসামি মোঃ মেহেদী হাসান সৌরভ (২০)কে গ্রেফতার করা হয়।

সে চকসুত্রাপুর হাড্ডিপট্টির হাজী শাহিনের ছেলে। পরে সৌরভকে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পৃথক আরো একটি অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার রাত ১২ টার দিকে  মাটিডালি রাজা ফিলিং স্টেশনের সামনে থেকে সন্ধিগ্ধ পলাতক আসামি মোঃ উজাম মিয়া (৩৪) কে গ্রেফতার করা হয়।

সে গাইবান্ধার গোবিন্দগঞ্জের হরিরামপুরের ধুনদিয়া এলাকার হায়দার আলীর ছেলে। তাদের কাছ থেকে সাধারন পথচারী এবং যাত্রীকে অজ্ঞান করার জন্য রাখা ৩ পুরিয়া চেতনানাশক ওষুধ উদ্ধার করা হয়। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে মোঃ সবুজ হাওলাদার (২৮) নামে একব্যক্তি মোটর সাইকেলে চেপে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি বগুড়ার শাজাহানপুরে শাকপালায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন।

এসময়  তারা তাকে অজ্ঞান করে তার হাতে ছোট ব্যাগে থাকা দুই লাখ টাকা, প্যান্টের পকেটে থাকা আইফোনসহ ২টি মোবাইল ফোন এবং মানিব্যাগের ভিতরে থাকা জাতীয় পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংকের কার্ডসহ অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র হাতিয়ে নিয়ে যায়। এঘটনায় তিনি থানায় মামলা করেন। মামলার সন্দিগ্ধ আসামি হিসাবে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172948