গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফ্লাইওভারের ঢালাই ভেঙে পড়ে আহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফ্লাইওভারের ঢালাই ভেঙে পড়ে আহত ২

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে নির্মাণাধীন সাসেক ফ্লাইওভারের কাজ চলাকালে ওপর থেকে পাথর-সিমেন্ট মিশ্রিত ঢালাই পড়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি আহত হয়েছেন। এ ঘটনায় চায়না কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে আনুমানিক ৮টার দিকে গোবিন্দগঞ্জ পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ (৩৯) ও এহসানুল কবির পাভেল (৪০) একটি মোটরসাইকেল যোগে রাজমতি মার্কেট থেকে চারমাথার দিকে যাচ্ছিলেন।

পথের মধ্যে তারা গোবিন্দগঞ্জ হাইস্কুল মসজিদের সামনে বগুড়া-রংপুর মহাসড়কের পশ্চিমপাশে পৌঁছালে নির্মাণাধীন ফ্লাইওভার থেকে পাথর-সিমেন্ট মিশ্রিত ঢালাইয়ের মসলা হঠাৎ তাদের ওপর পড়ে। এতে তারা মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন এবং মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান।

দুর্ঘটনায় তাদের পরিহিত জামা-কাপড় নষ্ট হওয়ার পাশাপাশি মোটরসাইকেলের ট্যাংকিসহ বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, নির্মাণকাজে নিয়োজিত চায়না কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সাব-ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বহীনতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে উপস্থিত পথচারীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসা গ্রহণ শেষে তারা প্রয়োজনীয় কাগজপত্রসহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, আমরা এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন ফ্লাইওভারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করায় প্রায়ই পথচারী ও যানবাহন চলাচল ঝুঁকির মধ্যে পড়ছে। তারা দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172939