হোয়াইট হাউসে ট্রাম্পের জন্মদিনের অনুষ্ঠানে ড্রোন-স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাৎ

হোয়াইট হাউসে ট্রাম্পের জন্মদিনের অনুষ্ঠানে ড্রোন-স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাৎ

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে হোয়াইট হাউসের লনে আয়োজিত আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) অনুষ্ঠানে ড্রোন ও স্নাইপার ব্যবহার করে হামলার একটি পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থাটির অভিযোগ, বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি এবং পরে পালিয়ে যাওয়া অতিথি ও রাজনীতিকদের লক্ষ্য করে স্নাইপারদের গুলি চালানোর পরিকল্পনা করা হয়েছিল। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইউএফসি মিক্সড মার্শাল আর্টস ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ করার বিষয়ে আদালতে জমা দেয়া নথিতে এমন দাবি করেছে এফবিআই। নথি অনুযায়ী, বিস্ফোরকবোঝাই ড্রোন ব্যবহার করে হোয়াইট হাউসের উত্তর পাশে হামলা চালানোর পরিকল্পনা ছিল। আর এর মাধ্যমে উপস্থিত লোকজনকে আতঙ্কের মধ্যে ফেলে একটি নির্দিষ্ট বের হওয়ার পথে যেতে বাধ্য করা হতো। এরপর সেখানে অবস্থান নেয়া স্নাইপাররা পালিয়ে যাওয়া রাজনীতিক ও অন্যান্য অতিথিদের লক্ষ্য করে গুলি চালাত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ৮০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রিপাবলিকান পার্টির কয়েকজন জ্যেষ্ঠ আইনপ্রণেতা, দাতা ও প্রশাসনের কর্মকর্তারাও অংশ নেন। তবে অনুষ্ঠানটি কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়। আদালতের নথিতে বলা হয়েছে, অভিযুক্ত পাঁচজন সরকারবিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করতেন। যৌন অপরাধী জেফরি এপস্টেইনের তদন্ত-সংক্রান্ত নথি পরিচালনার পদ্ধতি নিয়েও তারা ক্ষুব্ধ ছিলেন। নথি অনুযায়ী, অভিযুক্তদের একজন এমন আইনপ্রণেতাদের লক্ষ্যবস্তু করতে আগ্রহ প্রকাশ করেছিলেন, যারা ইসরায়েলপন্থি গোষ্ঠীগুলোর কাছ থেকে নির্বাচনী অনুদান পেয়েছিলেন।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল এক্সে দেয়া এক বিবৃতিতে বলেন, ১০ জুন এফবিআই এবং আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী অংশীদাররা ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ইউএফসি আমেরিকা ২৫০ অনুষ্ঠানের বিরুদ্ধে সম্ভাব্য হুমকির বিষয়ে জানতে পারে। এতে জাতীয় রাজধানী অঞ্চলের বাইরের কিছু ব্যক্তি জড়িত ছিল। আটক পাঁচজনের মধ্যে অন্তত তিনজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র এবং অস্ত্রসংক্রান্ত বিভিন্ন অভিযোগও রয়েছে। তারা এখনও আদালতে নিজেদের অবস্থান জানায়নি। তাদের আইনজীবীদের তথ্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্যদিকে ফক্স নিউজ ডিজিটালের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ চক্রে সর্বোচ্চ ২৩ জন সদস্য থাকতে পারে। ওহাইও অঙ্গরাজ্যে ১৯ বছর বয়সী টাইসেন প্রোপারের মা স্থানীয় পুলিশকে ফোন করে জানান, তার ছেলে বেশ কয়েকটি অস্ত্র কিনেছে এবং অনলাইনে সন্দেহজনক কিছু ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। সেখান থেকেই তদন্তকারীরা পরিকল্পনার বিষয়ে জানতে পারেন। এফবিআইয়ের হলফনামা অনুযায়ী, পরে টাইসেন প্রোপার স্বীকার করেন যে তিনি ইউএফসি অনুষ্ঠানে সমন্বিত হামলার পরিকল্পনার বিষয়ে অবগত ছিলেন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172884