জকিগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে যুবক নিহতের দাবি
মফস্বল ডেস্ক : সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্তে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্থানীয় এক যুবকের মৃত্যু ও তার মরদেহ সীমান্তের ওপারে আটকে রাখার দাবিও করেছেন স্থানীয়রা। এর জেরে মঙ্গলবার (১৬ জুন) ভারতীয় এক নাগরিককে তুলে নিয়ে আসেন বাংলাদেশিরা। এ নিয়ে দু’দেশের সীমান্তবর্তী লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
তবে এ বিষয়ে বিজিবি’র কোনো বক্তব্য পাওয়া যায়নি। অবশ্য জকিগঞ্জ থানা পুলিশ বলছে, স্থানীয়রা দাবি করছেন সীমান্তের ওপারে তাদের একজন লোক নিখোঁজ রয়েছেন। কিন্তু এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেননি। সীমান্তের ওপারে নিখোঁজ যুবকের নাম ডিপজল আহমদ। তিনি বারঠাকুরী ইউনিয়নের দিগালি গ্রামের আহমদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাতে ডিপজলসহ কয়েকজন যুবক ভারতের অভ্যন্তরে যান। ফেরার পথে ভারতের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে এবং গুলি চালায়। এসময় ডিপজলের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে দেশে ফিরলেও ডিপজল নিখোঁজ হন। বিএসএফের গুলিতে ডিপজলের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন স্থানীয়রা। এদিকে ডিপজলের সন্ধান না পাওয়ায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় কৃষককে তুলেও আনে উত্তেজিত জনতা। পরে মঙ্গলবার রাতে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুল মুকিত বলেন, সীমান্তের ওপারে কয়েকজন যুবক অতিক্রম করলে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এসময় তিনজন পালিয়ে এলেও একজন নিখোঁজ রয়েছেন। যারা এসেছেন তারা দাবি করছেন নিখোঁজ যুবককে গুলি করে মেরে ফেলে মরদেহ আটকে রেখেছে বিএসএফ। তিনি বলেন, নিখোঁজ যুবককে ফেরত না দেওয়ায় গতকাল উত্তেজিত হয়ে স্থানীয়রা ভারতীয় একজন নাগরিককে তুলে নিয়ে আসেন। এ ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাতে ওই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করার কথা।
বারঠাকুরী ইউপি চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী (টিপু) জানান, ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা ভারতীয় এক নাগরিককে তুলে এনেছিলেন। পরে গতকাল সন্ধ্যা৬ টার দিকে তাকে বিজিবির মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে। তিনি বলেন, বাংলাদেশি যুবক নিখোঁজের বিষয়টি সমাধান হয়নি। সে জীবিত নাকি মৃত সেটা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, উত্তরকুল সীমান্ত এলাকার লোকজন দাবি করছেন সীমান্তের ওপারে একজনকে গুলি করে মারা হয়েছে। কিন্তু এ নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172882