দিনাজপুরের বিরলের সেই নবজাতক পেল নতুন ঠিকানা
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানসিক ভারসাম্যহীন এক অসহায় নারী গত ৫ জুন ভোরে এক ছেলে শিশুর জন্ম দেন। সুন্দর ও সুনিশ্চিত ভবিষ্যৎ উপহার দিতে সব আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে এক দম্পতির (বিকল্প পরিচর্যাকারী) কোলে তুলে দেয়া হয় তাকে।
বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জন্ম নেয়া শিশুটিকে এক নজর দেখতে এবং তার লালন-পালনের দায়িত্ব নিতে হাসপাতালে ভিড় জমান শত শত মানুষ। নিঃসন্তান অনেক দম্পতি শিশুটিকে দত্তক নেওয়ার আবেদন নিয়ে ছুটে যান বিরল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে। ভারসাম্যহীন মা হয়তো পৃথিবীর অনেক নিয়ম বোঝেন না, কিন্তু সন্তানের প্রতি তার মমতার কোনো কমতি ছিল না।
তবে নিজের ভরণপোষণের সামর্থ্য না থাকায় এবং শিশুর সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে প্রশাসন আইনি পন্থায় বিকল্প অভিভাবক খোঁজার প্রক্রিয়া শুরু করে। পরবর্তীতে উপজেলা প্রশাসন ও শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে আবেদনসমূহ যাচাই-বাছাই ও সকল আইনি প্রক্রিয়া শেষে এক বিকল্প পরিচর্যাকারী দম্পতির কাছে তাকে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জার্তীময় সরকার, হাসপাতালের নার্স ও স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজুল ইসলাম জানান, নবজাতকের নতুন ঠিকানা নিশ্চিতের পাশাপাশি অসহায় মা যেন সঠিক চিকিৎসা ও পুনর্বাসন পান, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172849