নওগাঁর বদলগাছীতে সড়কের সাইড ভেঙে পথচারীসহ যান চলাচল ব্যাহত
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বালুপাড়া-গোঁবরচাপা সড়কের সাইড ভেঙে পড়ে পথচারীসহ যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন এ সড়কের চকআধাইপুর গ্রামের মন্দির সংলগ্ন স্থানে সৃষ্টি হওয়া বড় গর্তটি দু’মাসেও সংস্কার করা হয়নি এমন অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্ষা মৌসুমের শুরুতে অতিরিক্ত বৃষ্টিপাত ও পানি নিস্কাশনে সড়কের পাশের সোল্ডার ধসে পড়ে। ভাঙা স্থানের নিচ দিয়ে পানি চলাচলের একটি পাইপ থাকলেও পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রবল স্রোতে সড়কের পিচঢালা সড়কের অর্ধেক অংশ ভেঙে গভীর গর্তের সৃষ্টি হয়।
দুর্ঘটনা এড়াতে স্থানীয় গ্রামবাসী নিজ উদ্যোগে গাছের ডালপালা, শুকনো গুঁড়ি ও বালুর বস্তা ফেলে সতর্ক সংকেতের ব্যবস্থা করেছেন। তবে ভাঙনের কারণে সড়কের প্রস্থ অনেকটাই কমে গেছে। ফলে ওই স্থানে এসে যানবাহনের গতি কমিয়ে সতর্কতার সাথে চলাচল করতে হচ্ছে। গ্রামবাসী জানায়, দিনের বেলায় কোনোভাবে চলাচল করলেও রাতের বেলায় ঘটে দুর্ঘটনা।
ভ্যানচালক শিমুল হোসেন বলেন, ভাঙা অংশটির পাশেই একটি বাঁক রয়েছে। ফলে বিপরীত দিক থেকে আসা যানবাহন আগে থেকে দেখা যায় না। সামনে গাড়ি চলে এলে আতঙ্কে থাকতে হয়। সামান্য অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
এ বিষয়ে বদলগাছী উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম বলেন, গ্রামের পানি নিষ্কাশনের সুবিধার্থে উপজেলা পরিষদের অর্থায়নে সেখানে একটি কালভার্ট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এটি বাস্তবায়িত হলে সমস্যার স্থায়ী সমাধান হবে। উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান ছনি বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
দ্রুত সরেজমিনে পরিদর্শন করে এলজিইডির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় সংস্কার কাজের ব্যবস্থা নেওয়া হবে, যাতে জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা যায়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172827