বেনজীরকে দেশে ফেরাতে আমিরাত সরকারকে দুদকের চিঠি
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার দুর্নীতির সমস্ত নথিপত্র আরবি ও ইংরেজি ভাষায় অনুবাদ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর এই পুরো প্রক্রিয়াটি তদারকি করতে দুদক কর্মকর্তাদের সঙ্গে কয়েক ঘণ্টা বৈঠক করেন ইন্টারপোলের স্থানীয় প্রতিনিধিরা।
ক্ষমতার অপব্যবহার ও নজিরবিহীন দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, মানিলন্ডারিংসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ৬ মামলা করে দুদক।
১৪ জুন স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পলাতক বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশ গ্রেফতার করেছে। এরপরই এই আসামিকে দেশে ফেরাতে তোড়জোড় শুরু করে দুদক। মাত্র দুই দিনের ব্যবধানে সমস্ত নথিপত্র প্রস্তুত করে প্রত্যর্পণ চিঠি পাঠিয়েছে সংস্থাটি। তার দুর্নীতির সব নথিপত্র আরবি ও ইংরেজি ভাষায় অনুবাদ করে পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হবে।
সেগুনবাগিচায় নিজ অফিসে দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, বেনজীর আহমেদকে ফেরাতে দুদকের পক্ষ থেকে প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আরব আমিরাতে এ প্রস্তাব পাঠানো হবে।
দুদক কর্মকর্তারা জানিয়েছেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের হওয়া দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলাগুলোর তথ্য-উপাত্ত, আদালতের আদেশ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি এনসিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এসব নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে সংশ্লিষ্ট দেশে পাঠানো হবে। বন্দি প্রত্যর্পণ চুক্তি এবং আন্তর্জাতিক আইনি সহযোগিতার আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এর আগে, গ্রেফতার বেনজীরকে দেশে ফেরাতে বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন করার আহ্বান জানিয়ে চিঠি দেয় সংযুক্ত আরব আমিরাত।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172805