সমঝোতায় সম্ভাব্য স্বাক্ষরকারীর নাম ঘোষণা করল ইরান

সমঝোতায় সম্ভাব্য স্বাক্ষরকারীর নাম ঘোষণা করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক : সব ঠিক থাকলে আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে ইরান ও যুক্তরাষ্ট্র। এতে স্বাক্ষরের জন্য মঙ্গলবার নিজেদের প্রতিনিধির নাম ঘোষণা করেছে ইরান।

উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত-রাভেন্সির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, জেনেভায় উপস্থিত থাকবেন শান্তি আলোচনার শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। যুক্তরাষ্ট্রের পক্ষে থাকতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

মাজিদ তাখত-রাভেন্সি বলেছেন, স্বাক্ষরের জন্য সুইজারল্যান্ড সম্ভাব্য দেশ হলেও সুনির্দিষ্ট ভেন্যু ঠিক করা হয়নি। সমঝোতা স্বাক্ষরের পরপরই দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে।  

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার শর্ত সমঝোতা স্মারকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তেহরানের দৃষ্টিতে সমঝোতায় দুটি পক্ষ আছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অন্যদিকে ইরান ও হিজবুল্লাহ।  

আরাঘচি বলেছেন, দখলকৃত অঞ্চলগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার না করা পর্যন্ত এই যুদ্ধ পুরোপুরি শেষ হবে না। এখন থেকে লেবাননে জায়নবাদীদের যেকোনো সামরিক আগ্রাসন সমঝোতার লঙ্ঘন হিসেবে দেখা হবে। 

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের আগে অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, লেবাননের পাশাপাশি সিরিয়া ও গাজাতেও যতদিন প্রয়োজন ততদিন সৈন্য মোতায়েন থাকবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172789