বগুড়ার শেরপুরে যাত্রীবাহী কোচ উল্টে আহত ১২
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘোগাব্রিজ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি যাত্রীবাহী কোচ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে অন্তত ১২ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন যাত্রীর ডানহাত বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-আরিফুল ইসলাম (৩২), শামিম হোসেন (৩৭), শামীম হোসেন (৩৮), সাইদুল ইসলাম (৩৫), মোহাম্মদ উল্লাহ (৩৮), রুহুল আমীন (২৭) ও আরিফুল ইসলাম (৩৫) সহ আরও কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মেট্রো-ব-১৪-৯৮৮০ নম্বরের কোচটি ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পথে ঘোগাব্রিজ এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজ শুরু করে আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) রইচ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি বা চালকের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172764