কুড়িগ্রামের উলিপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রামের উলিপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত চেয়ারম্যানের নাম মোখলেছুর রহমান (৪৮)। তিনি উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

গতকাল রোববার দিবাগত ভোররাতে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মোখলেছুর রহমান ওই এলাকার মফিজল হকের ছেলে। তিনি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রাণিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজের ওপর মোখলেছুর রহমানসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সংযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনগণের মনে আতঙ্ক, ভীতি সৃষ্টি করে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও সন্ত্রাসী কার্যক্রম করেন।

এছাড়া আওয়ামী লীগ সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে পুনরায় ক্ষমতায় বসানো এবং বর্তমান সরকারের পদত্যাগের দাবিসহ তাদের সংগঠনের নিষিদ্ধের আদেশ বাতিলের লক্ষ্যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করেন।

পরে ওই ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলায় মোখলেছুর রহমানকে গ্রেফতার করা হয়। এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে জেলহাজতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172737