এবারের বিশ্বকাপ থেকে শান্তির আনন্দ উধাও হয়ে গেছে : ইরানী অধিনায়ক

এবারের বিশ্বকাপ থেকে শান্তির আনন্দ উধাও হয়ে গেছে : ইরানী অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এর আগে সংবাদ সম্মেলনে দলটির অধিনায়ক মেহেদি তারেমি স্বীকার করেছেন, এবারের বিশ্বকাপ থেকে শান্তির আনন্দ উধাও হয়ে গেছে।

চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় পূর্বনির্ধারিত ক্যাম্প বাতিল করে ইরান। পরে মেক্সিকোর টিজুয়ানায় অনুশীলন ক্যাম্প সরাতে বাধ্য হয় তারা। সেখান থেকে ম্যাচের একদিন আগে প্রায় ৫ ঘণ্টার ধকল সামলে লস অ্যাঞ্জেলসে এসে পৌঁছায় দলটি। ম্যাচ শেষেই আবার তাদের মেক্সিকোতে ফিরে যেতে হবে। এছাড়া দলের অফিশিয়াল ও মিডিয়া কর্মীদের মার্কিন ভিসা না পাওয়া এবং টিকিট নিয়ে জটিলতা তো আছেই।

এসব নিয়ে হতাশা প্রকাশ করে ৩৩ বছর বয়সী স্ট্রাইকার তারেমি বলেন, যুক্তরাষ্ট্রে পা রাখার প্রথম মুহূর্ত থেকেই আমরা এক মানসিক চাপ অনুভব করছি। যেকোনো টুর্নামেন্টে যখন এমন যুদ্ধাবস্থা ও উত্তেজনা থাকে, তখন ফুটবল যে শান্তি ও আনন্দের বার্তা দেয়, তা হারিয়ে যায়। শুধু আমরা নই, আরও বেশ কয়েকটি দেশ ভিসা ও ক্যাম্প নিয়ে সমস্যায় পড়েছে। ফলে বিশ্বকাপের যে চিরচেনা আনন্দঘন আমেজ থাকে, এবার মানুষ সেই অনুভূতি পাচ্ছে না। 

ইরানের অভিজ্ঞ কোচ আমির ঘালেনোই বলেন, ফুটবল হলো সংস্কৃতি ও জাতিগুলোকে এক সুতোয় বাঁধার মাধ্যম। অথচ এই পরিস্থিতি আমাদের খেলার কৌশলে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে আমরা বাধা বিপত্তিকে সুযোগে রূপান্তর করতে অভ্যস্ত।

ম্যাচটি লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যেটা বিশ্বের সবচেয়ে বড় ইরানি প্রবাসী অধ্যুষিত এলাকা। রাজনৈতিক কারণে অনেক প্রবাসী ইরানি নিজ দেশের সরকারের বিরুদ্ধে গিয়ে স্টেডিয়ামে আজ উল্টো প্রতিপক্ষ নিউজিল্যান্ডের পক্ষে গলা ফাটাতে পারেন। বিষয়টি নিয়ে বিচলিত নন অধিনায়ক তারেমি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, আমরা কোনো রাজনীতির মধ্যে নেই, এখানে স্রেফ ফুটবল খেলতে এসেছি। আমরা দেশ বা বিদেশের প্রতিটি ইরানির জন্য খেলি। মানুষের ভিন্ন মত থাকতেই পারে, তবে আমাদের লক্ষ্য ফুটবলের মাধ্যমে সবাইকে এক করা।

গ্রুপ ‘জি’-তে ইরানের প্রথম ম্যাচ আগামীকাল সকাল্য ৭টায় নিউজিল্যন্ডের বিপক্ষে। পরবর্তী ম্যাচ ২১ জুন দিবাগত রাত ১টায় বেলজিয়ামের বিপক্ষে এবং ২৭ জুন সকাল ৯টায় সিয়াটলে শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে মিশরের।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172685