দিনাজপুরের ঘোড়াঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির পাশের পুকুরে ডুবে নবীর হোসেন নামের দেড় বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার সাগরপুর মহল¬ার দক্ষিণাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নবীর হোসেন ওই এলাকার ভ্যানচালক মোহাম্মদ আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সারাদিন ভ্যান চালিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন মোহাম্মদ আলী। প্রতিদিনের মতো বাড়ি থেকে প্রায় ২০ গজ দূরে একটি পুকুরে পালিত হাঁস আনতে যান তিনি। পরিবারের অজান্তে ছোট্ট নবীর বাবার পিছু পিছু বেরিয়ে যায়। তবে বিষয়টি খেয়াল করেননি কেউ।
মোহাম্মদ আলী বলেন, হাঁস নিয়ে বাড়িতে ফিরে এসে দেখি নবীর ঘরে নেই। ভেবেছিলাম আশপাশেই খেলছে। পরে পরিবারের সবাই মিলে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে নবীরের বড় ভাই নাইম ইসলাম বাড়ির পাশের পুকুরে ছোট ভাইকে ভাসতে দেখতে পায়। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172661