তিউনিসিয়াকে উড়িয়ে উড়ন্ত শুরু সুইডেনের
স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই গোলবন্যার জোয়ারে মেতে উঠল সুইডেন। মেক্সিকোর এস্তাদিও মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘এফ’ এর ম্যাচে আফ্রিকার প্রতিনিধি তিউনিসিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে সুইডেন। ম্যাচে সুইডিশদের হয়ে জোড়া গোল করেছেন ইয়াসিন আইয়ারি। এছাড়া বাকি তিনটি গোল এসেছে আলেকজান্ডার ইসাক, ভিক্টর ইয়োকেরেস ও ম্যাটিয়াস ভ্যানবার্গের পা থেকে।
ম্যাচের শুরু থেকেই তিউনিসিয়াকে চেপে ধরে সুইডেন। আক্রমণাত্মক ফুটবলের পুরস্কার হিসেবে ম্যাচের ৭ম মিনিটেই লিড পায় সুইডিশরা। দলের হয়ে প্রথম গোলটি করেন ইয়াসিন আইয়ারি। প্রথম গোলের পর আক্রমণের ধার আরও বাড়ায় ইউরোপের দেশটি। ম্যাচের ৩০ মিনিটে ভিক্টর ইয়োকেরেসের নিখুঁত পাস থেকে কোনাকুনি শটে ব্যবধান ২-০ করেন তারকা ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক। দুই গোল খেয়ে ব্যাকফুটে চলে যায় তিউনিসিয়া। বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে মেজব্রির ক্রস থেকে চমৎকার এক হেডে আফ্রিকার দলটির হয়ে এক গোল শোধ করেন ওমর রেকিক। ফলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইডেন।
বিরতি থেকে ফিরে তিউনিসিয়াকে আর কোনো সুযোগই দেয়নি সুইডেন। ৫৯ মিনিটে আলেকজান্ডার ইসাকের পাস থেকে বল পেয়ে এবার নিজেই স্কোরবোর্ডে নাম তোলেন ভিক্টর ইয়োকেরেস। তার এই দুর্দান্ত গোলে সুইডেন এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। ম্যাচের শেষ ১০ মিনিটে তিউনিসিয়ার রক্ষণভাগকে পুরোপুরি গুঁড়িয়ে দেয় সুইডিশ ফরোয়ার্ডরা। ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় ম্যাটিয়াস ভ্যানবার্গ দলের চতুর্থ গোল করলে তিউনিসিয়ার বড় হার নিশ্চিত হয়ে যায়। এরপর ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে তিউনিসিয়ার কফিনে শেষ পেরেকটি ঠোকে ইয়াসিন আইয়ারি। ম্যাচে এটি ছিল তার ব্যক্তিগত দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় ও পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সুইডেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172660