বগুড়ার সোনাতলায় জমি নিয়ে মারপিট : আহত ৫

বগুড়ার সোনাতলায় জমি নিয়ে মারপিট : আহত ৫

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় আজ রোববার (১৪ জুন) উপজেলার পল্লীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনা ঘটেছে। এতে করে নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার পাকুল্যা ইউনিয়নের দহপাড়া গ্রামে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত আহম্মেদ আলী প্রামানিকের ছেলে আব্দুল জলিলের সাথে একই গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে জয়নাল আবেদীন (৫০) এর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই এক পর্যায়ে ওইদিন সকালে আব্দুল জলিল পাকুল্যা বাজারে তার সেই জমির উপর দোকান ঘর মেরামত করতে গেলে প্রতিপক্ষের লোকজন হামলা চালায়।

এসময় আব্দুল জলিলের পরিবারের সদস্যরা এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদের উপরও হামলা চালায়। এতে করে উভয় পক্ষের প্রায় ৫ জন আহত হয়। আহতরা হচ্ছে, ওই গ্রামের মৃত আহম্মেদ আলী প্রামানিকের ছেলে আব্দুল জলিল (৫৫), আব্দুল জলিলের ছেলে আবু লায়েছ (৩২), জোবায়ের হোসেন (২৮), আহম্মেদ আলীর মেয়ে হাওয়া বেগম (৬২) ও প্রতিপক্ষের জয়নাল আবেদীন (৫০)।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনাতলা থানার ওসি কবীর হোসেন বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172643