বগুড়ার কাহালুতে চার মাদককারবারিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

বগুড়ার কাহালুতে চার মাদককারবারিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে চার মাদককারবারিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার জামগ্রাম ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামে।

গ্রামবাসীর হাতে আটক মাদক কারবারীরা হলো-বান্দাইখাড়া গ্রামের তোজাম্মেল হকের ছেলে রতন (৪১), একই গ্রামের বাচ্চু সোনারের ছেলে বাদশা সোনার (৪৮), মৃত বাহার উদ্দিনের ছেলে আতাউর রহমান (৪৬) এবং মৃত আব্দুর রহমানের ছেলে আলমগীর (৪০)।

জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাতে উল্লেখিত চার মাদককারবারি বান্দাইখাড়া গ্রামে মাদক বিক্রি করার সময় ওই গ্রামের লোকজন ২০ পিস ইয়াবা এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদের আটক করে গণধোলাই দিয়ে কাহালু থানায় সংবাদ দেন। এরপর পুলিশ রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উল্লেখিত মাদকসহ আটককৃত চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ওই মাদককারবারিদের বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দায়ের মামলা করে আজ রোববার (১৪ জুন) দুপুরে পুলিশ তাদের আদালতে প্রেরণ করে। গ্রেফতারকৃত রতন, বাদশা সোনার ও আতাউর রহমানের বিরুদ্ধে এর আগেও কাহালু এবং বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172640