নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ আবারও রিমান্ডে

নারায়ণগঞ্জে ত্বকী হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ আবারও রিমান্ডে

নারায়ণগঞ্জের আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় অভিযুক্ত আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ শেখকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে তদন্তকারী সংস্থা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রবিবার (১৪ জুন) দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ জানান, গত ৪ জুন র‌্যাব জামশেদ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ সম্পন্ন করতে না পারায় র‌্যাব পুনরায় আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে রবিবার আদালত আবারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে ১১ সেপ্টেম্বর জামশেদ শেখকে গ্রেপ্তার করে র‌্যাব। একই দিনে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। প্রায় দেড় বছর পর একই মামলায় তাকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হলো।

২০১৩ সালের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হয়ে স্থানীয় একটি পাঠাগারে যাওয়ার পথে নিখোঁজ হন ১৭ বছর বয়সী তানভীর মুহাম্মদ ত্বকী। দুই দিন পর, ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সদর মডেল থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা, সাংস্কৃতিক কর্মী ও নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি। তার অভিযোগ, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান এবং তাদের সহযোগীরা ত্বকীকে অপহরণের পর হত্যা করেন।

জামশেদ শেখ ছিলেন আজমেরী ওসমানের ব্যক্তিগত গাড়িচালক। র‌্যাবের তদন্তে ত্বকী হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে। তদন্ত-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ত্বকীকে অপহরণ ও নির্যাতনের পর হত্যা করা হলে তার মরদেহ শীতলক্ষ্যা নদীতে ফেলে দিতে যে গাড়ি ব্যবহার করা হয়েছিল, সেই গাড়ির চালক ছিলেন জামশেদ শেখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172629