চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ইরান
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আজ রোববার ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, চুক্তির সম্ভাবনা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানাননি ইরানি কর্মকর্তারা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানিরা সমঝোতা স্মারকের খসড়া পর্যালোচনা করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি এ কথা জানানোর পর এখন ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে। কিন্তু চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। আরাগচি চুক্তির বিষয়বস্তু সম্পর্কেও একটি ধারণা দিয়েছেন। তিনি বলেন, এর দুটি ধাপ রয়েছে। প্রথম ধাপে যুদ্ধ শেষ করার ওপর মনোযোগ দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যেমন-পারমাণবিক ইস্যু এবং নিষেধাজ্ঞার বিবরণ ৬০ দিন মেয়াদি দ্বিতীয় ধাপের জন্য রাখা হয়েছে।
তিনি বলেন, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদে চুক্তির সমর্থক ও বিরোধী উভয়ই রয়েছে। সবশেষে একটি সম্মিলিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, চুক্তি থেকে লেবাননকে বাদ দেওয়া হবে না। হরমুজ প্রণালি, নৌ অবরোধ প্রত্যাহার এবং হরমুজের নতুন ব্যবস্থাপনা নিয়েও কথা বলেছেন তিনি।
তেহরান থেকে আলজাজিরার প্রতিনিধি আলমিগদা আলরুহাইদ বলেন, এই চুক্তি আজ রোববার বা আগামী কয়েক দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।সূত্র : আল জাজিরা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172558