জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে বড় অঘটনের জন্ম দিতে চায় কুরাসাও
স্পোর্টস ডেস্ক : ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার দেশ কুরাসাওয়ের বিশ্বকাপ খেলতে আসাটাই একটা বিশাল চমক। তবে এই চমক দেখিয়েই বসে থাকার দল নয় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জটি। অভিষেকেই চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অঘটনের জন্ম দিতে চায় ৪৪৩ বর্গকিলোমিটার আয়তনের দ্বীপ রাষ্ট্রটি। কুরাসাওয়ের সব খেলোয়াড় আসলে নেদারল্যান্ডসের নাগরিক। তাই অঘটনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। বাংলাদেশ সময় আজ রাত ১১টায় গ্রুপ ‘ই’ এর ম্যাচে হিউস্টনে মুখোমুখি হবে দুই দল।
এই অঘটনের স্বপ্ন দেখছেন কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকেট। জার্মানির বিপক্ষে অভিষেক ম্যাচটি নিয়ে ডাচ এ কোচ বলেছেন, ‘যখন শুরু করেছি, তখন থেকেই জানি, আমরা ফেভারিট নই। যারা ফেভারিট নয়, তারা বিস্ময় উপহার দিতে পারে।’
এবারের আসরের সবচেয়ে বয়স্ক এ কোচের হাত ধরে অনেক চড়াই-উতরাই পেরিয়ে বিশ্বকাপে এসেছে কুরাসাও। ২০২৪ সালের জানুয়ারিতে কুরাসাওদের হাল ধরেন অ্যাডভোকেট। তার হাত ধরে কনকাফাফ অঞ্চলের বাছাইয়ে সর্বোচ্চ ২৮ গোল করে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট পায় দলটি। তবে অসুস্থ কন্যার পাশে থাকতে গত ফেব্রুয়ারিতে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন ৭৮ বছর বয়সী এ ডাচ কোচ। অন্তর্বর্তী কোচ ফ্রেড রুটেনের অধীনে চীন ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে কুরাসাও বাজে খেললে আবার অ্যাডভোকেটকে ফেরানোর দাবি ওঠে। কন্যার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত মে মাসে আবার দায়িত্বে ফেরেন তিনি। তার প্রত্যাবর্তনে আবার স্বপ্ন দেখছে কুরাসাও। ইতিহাসের সামনে দাঁড়িয়ে অ্যাডভোকেটও। জার্মানির বিপক্ষে ডাগ আউটে দাঁড়ালেই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ডটি করে ফেলবেন তিনি।
জার্মানিকে হারিয়ে সেই উপলক্ষ রাঙাতে চান তিনি, ‘বিশ্বের সবচেয়ে ছোট দেশের কোচ হিসেবে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকে আমি ক্যারিয়ারের সেরা মুহূর্ত বলে মনে করি। আমি আমার খেলোয়াড়, স্টাফ ও বোর্ড সদস্য নিয়ে গর্বিত, যারা আমার ওপর আস্থা রেখেছিলেন।’
তবে দলটি জার্মানি বলেই এই অঘটনের সম্ভাবনা খুবই ক্ষীণ। যদিও তারা এবারের আসরে হটফেভারিটের তালিকায় নেই। তারপরও এক ঝাঁক তারকার সমন্বয়ে গড়া জার্মানিকে হিসাবের বাইরে রাখা যাবে না। জসুয়া কিমিক, এন্টিনিও রুডিগার, জামাল মুসিয়ালা, ফ্লোরিন উইর্টজ, কাই হাভার্টজের মতো বিশ্বমানের খেলোয়াড় রয়েছেন তাদের দলে। জার্মানি দলে চোট সমস্যা রয়েছে কেবল গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের। ৪০ বছর বয়সী এ গোলরক্ষক জাতীয় দলের ডাকে অবসর ভেঙে ফিরে এসেছেন। তবে চোটের কারণে আজ তিনি হয়তো নাও নামতে পারেন।
কুরাসাওয়ের অবশ্য কোনো ইনজুরি সমস্যা নেই। কাজেই পূর্ণ শক্তির দল নিয়ে নামতে পারবেন তারা। অ্যাস্টন ভিলার সাবেক মিডফিল্ডার লিওনার্দো বাকুনা ও তার ছোট ভাই জুনিনহো বাকুনা কুরাসাওয়ের মাঝমাঠের ভরসা। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক তারকা তাহিথ চোং হলেন তাদের আক্রমণভাগের ভরসা। কুরাসাওয়ের হয়ে ছয় ম্যাচে ৩ গোল করেছেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার। প্রতিভাবান এ স্ট্রাইকারই এবারের আসরে কুরাসাওয়ের অন্যতম ভরসা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172557