নেইমারের মাঠে ফেরা নিয়ে যা বললেন ভিনিসিয়ুস

নেইমারের মাঠে ফেরা নিয়ে যা বললেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল বিশ্বকাপে খেলবে আর নেইমারকে নিয়ে আলোচনা হবে না, তা কি হয়! এবার যেমন খেলবেন কি খেলবেন না, কবে মাঠে ফিরবেন নামবেন, এটাই মুখ্য হয়ে উঠেছে। আগামীকাল ভোর চারটায় মরক্কো ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগে নেইমারের মাঠে ফেরা নিয়েই যত আলোচনা।

গতকাল রাতে ম্যাচ–পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস জুনিয়রের কথাতেও বোঝা গেল নেইমারকে কতটা দরকার ব্রাজিলের, ‘নেইমারের ব্যাপারে বলতে গেলে, আমি আশা করি তিনি দ্রুতই ফিরে আসবেন। তিনি আমার আইডল। আমি যা কিছু কৌশল শিখেছি, সব তাকে দেখেই। মাঠে যা কিছু করেছি, তা–ও তাকে অনুকরণ করার একটা চেষ্টামাত্র। তাঁর ফিরে আসাটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি সব সময় আমাকে পরামর্শ দিতেন।’

নেইমার সর্বশেষ গত ১৭ মে চোটে পড়েন। সেদিন সান্তোস এফসির হয়ে কুরিতিবার বিপক্ষে হারা ম্যাচে তাঁর ‘কাফ মাসলে’ (পায়ের পেছনের পেশি) সমস্যা দেখা দেয়। জাতীয় দলে ডাক পাওয়ার আগে সেটিই ছিল এই ব্রাজিলিয়ান তারকার শেষ ম্যাচ। সেদিন সান্তোস জানায়, চোটটি গুরুতর নয়; এটি কেবল পেশিতে ফোলাভাব (এডিমা)। তবে এরপরও তাঁকে বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়।

এরপর ২৭ মে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন নেইমার। সেখানে পরীক্ষার পর তাঁর পায়ের পেশিতে গ্রেড-টু চোট ধরা পড়ে। চিকিৎসা চালিয়ে যাওয়ার মধ্যেই দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ক্যাম্পে যোগ দেন তিনি।

চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা নেইমার ব্রাজিলের বিশ্বকাপ–প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারেননি এবং এখন মরক্কোর বিপক্ষেও তাঁর না খেলা একরকম নিশ্চিত।

সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কথাতেও সেটা স্পষ্ট, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। আশা করা হচ্ছে, সে আগামী সপ্তাহে দলীয় অনুশীলনে ফিরবে।’

ব্রাজিল ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। এ আর নতুন কী। তবে ভিনিসিয়ুস সমর্থকদের আশ্বস্তই করেছেন। মরক্কো ম্যাচের আগে তিনি জানিয়েছেন সব দুশ্চিন্তা ম্যাচের দিনই কেটে যাবে, ‘আপনারা যে বিষয়টা নিয়ে দুশ্চিন্তায়, আশা করি আগামীকালই তা কেটে যাবে। আমরা ব্রাজিলের প্রতিনিধিত্ব করতে এবং আরও একটি বিশ্বকাপে খেলার জন্য অধীর হয়ে আছি। এসব নিয়ে আমাদেরও আনন্দ হয়। আশা করি, আগামীকাল এখানেই (নিউইয়র্কে) সেটি দেখতে পাবেন।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172514