চাঁপাইনবাবগঞ্জে ১৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

চাঁপাইনবাবগঞ্জে ১৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি

নওগাঁ ও গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৫ জনকে নদীপথে নৌকাযোগে বাংলাদেশে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করেছে বিজিবি। গত শুক্রবার দিনগত রাতে নওগাঁ ব্যাটালিয়নের (১৬বিজিবি) অধীনস্থ রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলারের কাছ দিয়ে দিয়ে ৮৮-ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা পুশইনের চেষ্টা করলে তা সফলভাবে প্রতিহত করা হয়। 

জানা যায়, ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু ওইসময় সীমান্তের শূন্য লাইন বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। পরবর্তীতে বিজিবির দৃঢ় অবস্থান ও কঠোর তৎপরতার প্রেক্ষিতে কয়েক ঘন্টা পর ৮৮-ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা তাদের সকলকে সীমান্ত পিলার সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। 

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, বিজিবি কর্তৃক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশইন, অবৈধ অনুপ্রবেশ এবং অবৈধ পারাপার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। 

এছাড়া সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতামূলক মাইকিং, স্থানীয় মেম্বার, চেয়ারম্যানের সহযোগিতায় গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে রাত্রিকালীন টহল জোরদার করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172480