নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে গিয়ে ৩ জন নিখোঁজ

নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে গিয়ে ৩ জন নিখোঁজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে একই পরিবারের তিনজন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে দুই তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড সংলগ্ন নাভানা সিটির সামনে দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মো. রাশেদুজ্জামান (২২) ও তার শ্যালক মো. গালিব (১৮)। নিখোঁজ রয়েছেন গালিবের বোন মোসা. সুরাইয়া (১২)। তারা দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় অ্যাডভোকেট জালাল সাহেবের বাসার ভাড়াটিয়া ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া ডিএনডি লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা বিষয়টি ফায়ার সার্ভিস ও পুলিশকে জানান।

নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে রাশেদুজ্জামান ও গালিবের মরদেহ উদ্ধার করা হয়। তবে সুরাইয়ার সন্ধান মেলেনি। তাকে উদ্ধারের জন্য ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে।

রাশেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মনাগ এলাকায় এবং গালিব ও সুরাইয়ার বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে। সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিনজনই সাঁতার জানতেন। তবে কী কারণে তারা একসঙ্গে পানিতে তলিয়ে গেলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকবে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172478