দুধ দিয়ে গোসল করে জামায়াত ছাড়লেন বাগেরহাটের যুবক
দুধ দিয়ে গোসল করে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক চিরতরে ত্যাগ করলেন বাগেরহাটের যুবক শেখ তারেক। তিনি জেলার ফকিরহাট উপজেলার মানসা বাহিরদিয়া ইউনিয়নে বাসিন্দা।
গতকাল শুক্রবার (১২ জুন) জুমার নামাজের আগে দুধ দিয়ে গোসল করে দল ত্যাগের ঘোষণা দেন তারেক।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই যুবক গত ১৪-১৫ বছর ধরে জামায়াতে ইসলামীর ৫নং ওয়ার্ডের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে যুক্ত ছিলেন। শুক্রবার জুম্মার আগে তিনি দুধ ও পানি দিয়ে গোসল করে আনুষ্ঠানিকভাবে দল ত্যাগের সিদ্ধান্ত জানান।
তারেক জানান, দীর্ঘ ১৪-১৫ বছর আমি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলাম। পবিত্র জুম্মার দিনে দুধ-পানি দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে জামায়াতের কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে আমার আর সম্পর্ক থাকবে না।
তারেকের এই দল ত্যাগের বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কী কারণে তিনি দীর্ঘদিনের এই রাজনৈতিক দল ত্যাগ করলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি।
তবে বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে মানসা বাহিরদিয়া ইউনিয়নের জামায়াত আমির ফরহাদ হোসেন বলেন, শেখ তারেক দীর্ঘদিন ধরে জামায়াতের সঙ্গে যুক্ত—কিন্তু তিনি কোনো পদধারী নেতা নয়। হয়তো ভুল বুঝে এই সিদ্ধান্ত নিয়েছে।
তারেককে বুঝিয়ে ভুল ভাঙানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান স্থানীয় এই জামায়াত নেতা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172474