পাবনার সুজানগরে গ্রাম-গঞ্জের অধিকাংশ সড়কের বেহাল দশা
সুজানগর (পাবনা) প্রতিনিধি: পাবনার সুজানগরে গ্রাম-গঞ্জের অধিকাংশ পাকা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত যানবাহনের পাশাপাশি জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১০টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জের অভ্যন্তরে দুই শতাধিক পাকা সড়ক রয়েছে। ওই সকল সড়কের মধ্যে কাচুরী থেকে বোনকোলা ভায়া শ্রীপুর সড়ক, বোনকোলা বাজার থেকে রাইপুর সড়ক, সুটকার মোড় বাস স্ট্যান্ড এলাকা থেকে শ্যামনগর সড়ক, নাজিরগঞ্জ বাজার থেকে হাসামপুর ভায়া খলিলপুর সড়ক, রাইপুর বাজার থেকে নাজিরগঞ্জ বাজার সড়ক, ভাটিকয়া থেকে নাজিরগঞ্জ বাস স্ট্যান্ড সড়ক, সাগরকান্দী বাজার থেকে বড়ুরিয়া ভায়া কামালপুর কালীঘর সড়ক, দুলাই চরগোবিন্দপুর বাজার থেকে চরদুলাই বাজার সড়ক, রাইশিমুল থেকে শান্তিপুর সড়ক, চব্বিশ মাইল বাজার থেকে আহম্মদপুর ইউনিয়ন পরিষদ সড়ক এবং সুজানগর থেকে দুর্গাপুর ভায়া খয়রান সড়ক উল্লেখযোগ্য।
দীর্ঘদিন ওই সব সড়কের অধিকাংশ জায়গা থেকে ইট- সুরকি এবং কার্পেটিং উঠে ছোট বড় অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। কোন কোন সড়কের মাটি পর্যন্ত বের হয়ে গেছে।
অথচ সড়কগুলো দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ শত শত মানুষ বিভিন্ন যানবাহনযোগে জেলা ও উপজেলা সদরসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। এলাকার কৃষকরা ওই সকল সড়ক দিয়ে মহিষের গাড়ি এবং ইঞ্জিনচালিত বিভিন্ন যানবাহনযোগে তাদের কৃষিপণ্য ঘরে তোলেন। কিন্তু সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় যানবাহনের পাশাপাশি জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আসাদুন্নবী বলেন, ওই সকল সড়কের মধ্যে গুরুত্বপূর্ণ ২/৪টি সড়ক সংস্কার করা হয়েছে। বাকি সড়কগুলো সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172467