ইরানকে ৩ বিলিয়ন ডলার দেওয়ার খবর ভিত্তিহীন দাবি আরব আমিরাত

ইরানকে ৩ বিলিয়ন ডলার দেওয়ার খবর ভিত্তিহীন দাবি আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, ইরানকে আর হামলা না চালানোর শর্তে প্রায় ২০ বিলিয়ন ডলার দেবে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্যে ৩ বিলিয়ন ইতোমধ্যে দেওয়া হয়েছে। তবে শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে এ দাবি নাকচ করেছে আরব আমিরাত।

বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ইরানের কোনও জব্দকৃত বা স্থগিত তহবিল মুক্ত, স্থানান্তর কিংবা এ ধরনের কোনও প্রক্রিয়া সহজতর করা হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতি নির্ভুল তথ্য প্রকাশের ক্ষেত্রে জোর দেয়ার আহ্বান জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে, শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করতে এবং যাচাইবিহীন তথ্য ও ভিত্তিহীন অভিযোগ প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকার বিশেষভাবে অনুরোধ করেছে। এর আগে শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স দুটি আঞ্চলিক সূত্রের বরাতে জানায়, আরব আমিরাত মোট ১ হাজার কোটি (১০ বিলিয়ন) ডলার ইরানকে দিতে রাজি হয়েছে। ৩০০ কোটি (৩ বিলিয়ন) ডলারের বেশি অর্থ ইতিমধ্যে দেয়া হয়েছে। এই সমঝোতার বিষয়ে অবগত এমন আরও দুটি সূত্র জানিয়েছে, ইরানকে দুই হাজার কোটি (২০ বিলিয়ন) ডলার দিতে পারে সংযুক্ত আরব আমিরাত। তারা আরও জানায়, ইরান আর হামলা করবে না-এমন শর্তেই এ অর্থ ছাড়বে আরব আমিরাত। তবে এই অর্থ আমিরাতের নিজস্ব নাকি আমিরাতের ব্যাংকগুলো বা অন্য কোথাও আটকে থাকা ইরানেরই অর্থ, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172419