প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার গোল, কঠিন পরীক্ষার সামনে স্বাগতিকরা
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বিশ্বকাপ ম্যাচ খেলতে নেমে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে স্বাগতিক কানাডা। টরন্টোর বিএমও ফিল্ডের গ্যালারিতে উপস্থিত হাজারো সমর্থকের লাল সমুদ্রকে স্তব্ধ করে দিয়ে প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে পিছিয়ে বিরতিতে গেছে স্বাগতিকরা। বসনিয়ার ফরোয়ার্ড জোবো লুকিকের হেডার প্রথমার্ধেই ব্যাকফুটে ঠেলে দিয়েছে স্বাগতিকদের।
গোল হজম করলেও দুর্দান্ত খেলেছে কানাডা। গোছালো ফুটবল এবং একের পর এক আক্রমণে বসনিয়ার দুর্গে বারবার আঘাত হেনেছে তারা। তবে, গোল পাওয়া হয়নি। প্রথমার্ধেই পুরোটা জুড়ে কানাডার সমর্থকদের হাসি কেড়েছে লুকিকের ওই গোল।
বিশ্বকাপের মঞ্চে এর আগে কখনো কোনো ম্যাচ না জেতা কানাডা আজ মাঠে নেমেছিল জয়ের তীব্র ক্ষুধা নিয়ে। ম্যাচের শুরু থেকেই তার প্রতিফলন দেখা গেছে তাদের খেলায়। শুরু থেকে অত্যন্ত গোছালো এবং আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কোচ জেসি মার্শের শিষ্যরা।
একের পর এক পাস আর নিখুঁত বিল্ড-আপে বসনিয়ার রক্ষণভাগে বারবার তীব্র আক্রমণ চালিয়েছে তারা। কিন্তু আক্রমণের ঝড় তুলেও ফাইনাল থার্ডে এসে গোল পাওয়া হয়নি স্বাগতিকদের।
কানাডা যখন একের পর এক আক্রমণ সামলাতে বসনিয়াকে ব্যস্ত রাখছিল, ঠিক তখনই ২১তম মিনিটে কর্নার কিক থেকে ফরোয়ার্ড লুকিক কানাডার জালে বল জড়ালে উল্লাসে মেতে ওঠে বসনিয়া শিবির।
গোল হজম করার পরও অবশ্য দমে যায়নি কানাডা। প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত তারা বসনিয়ার দুর্গে বারবার আঘাত হেনেছে। কিন্তু প্রতিপক্ষের জমাট রক্ষণভাগ ভেদ করে সমতা ফেরানো সম্ভব হয়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172396