বিশ্বকাপের মাঝেই বিদায়ের ইঙ্গিত দিলেন কোর্তোয়া

বিশ্বকাপের মাঝেই বিদায়ের ইঙ্গিত দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : বেলজিয়ামের গোলবারে এক যুগেরও বেশি সময় ধরে আস্থার প্রতীক হয়ে থাকা থিবো কোর্তোয়া আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। চলমান ২০২৬ বিশ্বকাপই জাতীয় দলের জার্সিতে তার শেষ টুর্নামেন্ট হতে পারে বলে জানিয়েছেন অভিজ্ঞ এই গোলরক্ষক।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কোর্তোয়া জানান, টুর্নামেন্ট শেষে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন তিনি। ২০১১ সালে বেলজিয়ামের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত ১০৯টি ম্যাচ খেলেছেন ৩৪ বছর বয়সী এই তারকা গোলরক্ষক।

কোর্তোয়ার ভাষ্য, ক্লাব ফুটবলে আরও কয়েক বছর খেলার ইচ্ছা রয়েছে তার। আর সেই লক্ষ্য পূরণে শরীরকে সতেজ রাখা এবং বিশ্রামের গুরুত্ব এখন আগের চেয়ে অনেক বেশি। এ কারণেই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন তিনি। এমনকি তার পরিবারও এবারের বিশ্বকাপ দেখতে উপস্থিত হয়েছে, কারণ এটিই তার শেষ আন্তর্জাতিক আসর হতে পারে।

তবে অবসরের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়। কোর্তোয়া জানিয়েছেন, বিশ্বকাপে বেলজিয়ামের পারফরম্যান্স যদি প্রত্যাশার চেয়েও ভালো হয় এবং দলের পরিবেশ ইতিবাচক থাকে, তাহলে তিনি নিজের অবস্থান পুনর্বিবেচনা করতে পারেন। সে ক্ষেত্রে টুর্নামেন্ট শেষে কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

সাম্প্রতিক বছরগুলোতে চোট এবং শারীরিক সমস্যার কারণে জাতীয় দলের বিরতিগুলোতে বিশ্রামের প্রয়োজনীয়তা আরও বেশি অনুভব করেছেন কোর্তোয়া। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের গোলরক্ষকদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার চিন্তাও রয়েছে তার। সেনে ল্যামার্স ও মাইক পেন্ডার্সের মতো তরুণদের উত্থানও তার সিদ্ধান্তে প্রভাব ফেলছে।

আগামী সোমবার মিশরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বেলজিয়াম। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরান ও নিউজিল্যান্ড। এখন দেখার বিষয়, বিশ্বমঞ্চে আরেকটি স্মরণীয় পারফরম্যান্স কোর্তোয়াকে আন্তর্জাতিক ফুটবলে আরও কিছুদিন থাকার অনুপ্রেরণা জোগাতে পারে কি না।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172391