সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পোড়ানো হলো ২০ লাখ টাকার নিষিদ্ধ জাল
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০ লাখ টাকার ২ হাজার ৪৫০ পিস নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় জালগুলো পোড়ানো হয়।
উল্লাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতাউর রহমান জানান, পাবনার ডেমরা থেকে উল্লেখিত পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল একটি মিনি ট্রাকে করে উল্লাপাড়ায় আনা হচ্ছিল। ট্রাকটি উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকার ভট্ট কাওয়াক গ্রামে পাশে এসে দাঁড়ায়। গোপন খবরের প্রেক্ষিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকে রাখা জাল জব্দ করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক ও চোরকারবারীরা পালিয়ে যায়।
এদিকে, পুলিশের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে জানালে উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলামের নির্দেশনায় এবং তার উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে জালগুলো পুড়িয়ে দেওয়া হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172371