কারাবন্দী স্ত্রীকে দেখতে গিয়ে গাঁজাসহ আটক স্বামী
মাগুরা জেলা কারাগারে বন্দী স্ত্রীকে দেখতে এসে গাঁজা নিয়ে প্রবেশের চেষ্টাকালে মো. দবির মোল্লা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কারা কর্তৃপক্ষ। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টার দিকে মাগুরা জেলা কারাগারের আরপি গেট থেকে তাকে আটক করা হয়।
আটক দবির মোল্লা জুইতারা গ্রামের বাসিন্দা। তিনি কারাগারে আটক থাকা স্ত্রী তন্বী খাতুনের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। তন্বী খাতুন মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত ৯ জুন থেকে মাগুরা জেলা কারাগারে বন্দী রয়েছেন।
কারা সূত্রে জানা যায়, কারাবন্দী স্ত্রীকে দেখতে আসার সময় কারাগারের আরপি গেট থেকে মো. দবির মোল্লাকে (৫০) তল্লাশি করেন কারারক্ষী মো. রফিকুল ইসলাম। এ সময় তার প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তার চার মাসের কারাদণ্ড দেয়া হয়।
মাগুরা জেলা কারাগারের জেল সুপার শেখ মো. মহিউদ্দিন হায়দার বলেন, কারাগারে মাদক প্রবেশের বিষয়ে আমরা শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছি। কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে দর্শনার্থীদের কঠোরভাবে তল্লাশি করা হয়। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কেউ কারাগারে মাদক প্রবেশের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও বলেন, কারাগারকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কারাগারের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172309