লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে
স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জন্য দুঃস্বপ্নের ম্যাচে খলনায়কে পরিণত হয়েছেন সফেফেলো সিথোলে। প্রথমার্ধে তার ভুল থেকে মেক্সিকোর গোলের সূচনা হয়েছিল, আর দ্বিতীয়ার্ধের শুরুতেই আরেকটি বড় ভুল করে দলকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছেন এই মিডফিল্ডার।
বিরতির পর ম্যাচের ৫১তম মিনিটে মেক্সিকোর ব্রিয়ান গুতিয়েরেস একটি লম্বা পাস ধরে একাই গোলের দিকে ছুটে যাচ্ছিলেন। ঠিক তখনই তাকে ডি-বক্সের ঠিক বাইরে ফাউল করেন সিথোলে। ঘটনাটি পেনাল্টি এলাকার খুব কাছাকাছি হলেও রেফারি ফাউলটি বক্সের বাইরে হয়েছে বলে সিদ্ধান্ত দেন।
তবে গুতিয়েরেসকে নিশ্চিত গোলের সুযোগ থেকে বঞ্চিত করায় কোনো ছাড় পাননি দক্ষিণ আফ্রিকার এই ফুটবলার। সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি।
ফলে ম্যাচের বাকি সময় ১০ জনের দল নিয়ে খেলতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। এমনিতেই ১-০ গোলে পিছিয়ে থাকা আফ্রিকান দলটি এখন সংখ্যাগত দিক থেকেও বড় চাপে পড়ে গেছে। অন্যদিকে একজন বেশি নিয়ে খেলতে থাকা মেক্সিকো ব্যবধান বাড়ানোর সুযোগ খুঁজছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172290