ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের  টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়

ঢাবি প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি লড়াইকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুটবলপ্রেমীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

বিশ্বকাপের পর্দা ওঠার ঐতিহাসিক এই ম্যাচ উপভোগ করতে বৃহস্পতিবার রাত থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন আবাসিক হল, টিএসসি, ক্যাফেটেরিয়া ও খোলা স্থানে জড়ো হন। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। প্রিয় দলকে সমর্থন জানিয়ে শিক্ষার্থীরা জার্সি, পতাকা ও ব্যানার নিয়ে খেলা দেখতে আসেন।

খেলা শুরুর আগেই অনেক স্থানে আসনসংকট দেখা দেয়। ফলে অনেকে দাঁড়িয়ে কিংবা মাটিতে বসে ম্যাচ উপভোগ করেন। শিক্ষার্থীরা বলেন, বিশ্বকাপ ফুটবল শুধু একটি খেলা নয়, এটি বিশ্বজুড়ে কোটি মানুষের আবেগের নাম। তাই উদ্বোধনী ম্যাচ থেকেই তারা বিশ্বকাপের উন্মাদনায় শামিল হতে চান।

ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আশা প্রকাশ করেন, এবারের বিশ্বকাপও স্মরণীয় সব মুহূর্ত উপহার দেবে। ম্যাচ চলাকালে বিভিন্ন স্থানে উল্লাস, করতালি ও স্লোগানে মুখর হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172288