প্রস্তাবিত বাজেট গণবিরোধী, কর-ঋণের বোঝায় পিষ্ট হবে মানুষ : জামায়াত
২০২৬-২৭ অর্থবছরের জন্য সংসদে উপস্থাপিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটকে গণবিরোধী ও করনির্ভর বাজেট আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১১ জুন) বাজেট উপস্থাপনের পর রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় দলটি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের ওপর কর ও ঋণের বোঝা চাপিয়ে সরকার দলীয় স্বার্থ রক্ষার বাজেট উপস্থাপন করেছে। তার দাবি, জুলাই বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন এই বাজেটে নেই; বরং এটি পুরোনো ব্যবস্থার ধারাবাহিকতা।
তিনি বলেন, প্রস্তাবিত বাজেটটি বিশাল ঋণনির্ভর। ঋণ ও করের চাপ সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়ে সরকার গণবিরোধী বাজেট দিয়েছে। পাশাপাশি উন্নয়ন খাতে বরাদ্দের অর্থ দলীয় নেতাকর্মীদের পকেটে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি অভিযোগ করেন, বাজেটটি ধনী শ্রেণির স্বার্থ বিবেচনায় প্রণয়ন করা হয়েছে।
হামিদুর রহমান আযাদ আরও বলেন, বাজেটের প্রায় ৭০ শতাংশ পরিচালন ব্যয়ে ব্যয় হবে। ফলে জনগণ কতটা উপকৃত হবে, সে বিষয়টি সরকার বিবেচনায় নেয়নি। তিনি মনে করেন, বাজেট প্রণয়নে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা হলে আরও জনবান্ধব বাজেট উপস্থাপন করা সম্ভব হতো।
সমাবেশে তিনি জানান, সরকারের প্রস্তাবিত বাজেটের তুলনায় প্রায় ১ লাখ কোটি টাকা কম আকারের বিকল্প বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172282