দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির সামনে গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির সামনে গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: বড়পুকুরিয়া কয়লাখনির গেটের সামনে রেল ক্রসিং থেকে পশ্চিমে তিনশ’ ফুট রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কয়লাখনি যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তায় এখন ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হয়ে পানি জমে একাকার অবস্থা। খনি গেট থেকে রেল ক্রসিং হয়ে পুলিশ ফাঁড়ির নিকট তিন রাস্তার মোড় পর্যন্ত প্রায় তিনশ’ ফুট দীর্ঘ রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার পরও ঝুঁকিপূর্ণ অবস্থায় শতশত যানবাহন ও পথচারীরা চলাচল করছে। জটিলতা থাকায় রাস্তার কাজটি সম্পূর্ণ হচ্ছে না।

জানা যায়, প্রায় ৮ শতক জায়গা নিয়ে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের সাথে মালিকানা নিয়ে বর্তমানে শিবনগর ইউনিয়নের মজিদপুর গ্রামের স্থায়ী বাসিন্দা ডা. স্বপনের মামলা চলছে। মামলাটি হাইকোর্টে চলমান রয়েছে। এ কারণে রেল ক্রসিং থেকে প্রায় তিনশ’ ফুট রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

প্রতিদিন কয়লাখনি থেকে পার্বতীপুর, ফুলবাড়ী, সৈয়দপুর, দিনাজপুর, নীলফামারীসহ বিভিন্ন স্থানে যেতে এ রাস্তা পেরিয়ে যেতে হয়। ফলে সেখানে প্রতিনিয়ত সেখানে ছোট বড় দুর্ঘটনা ঘটছে। মামলা চলাকালীন অবস্থায় সড়ক ও জনপদ বিভাগ রাস্তাটি কোনোভাবে মেরামত করছে না।

জমির মালিক ডা. স্বপন তার জায়গাটি সড়ক ও জনপদ বিভাগকে দিতে চাইলেও তারা জায়গাটি সরকারি ভাবে ক্রয় করছে না। আর রাস্তার কাজ না হওয়ায় জন দুর্ভোগ বেড়েই চলছে। এছাড়াও গত ৪ বছরে রেল ক্রসিং এ গাড়ি আটকা পড়ে বেশ কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো: জহির বানিয়ার সাথে কথা বললে তিনি জানান, এ জায়গাটি নিয়ে দীর্ঘদিন সড়ক ও জনপদ বিভাগের সাথে মামলা চলছে জমির মালিক ডা. স্বপনের। সবকিছু সমাধান করে অতি জরুরি রাস্তাটি মেরামত করার জন্য ভুক্তভোগী এলাকাবাসী যোগাযোগ মন্ত্রীসহ সড়ক ও জনপদ বিভাগের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172277