সিরাজগঞ্জে গরমে তালের শাসের চাহিদা বেড়েছে
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : জৈষ্ঠের গরমে সিরাজগঞ্জে তাল শাঁসের চাহিদা বেড়েছে। দিনের বেলায় তাপমাত্রা শহর গ্রামের রাস্তার মোড়, বাজার, বাসস্ট্যাণ্ড ও গুরুত্বপূর্ণ সড়কের পাশে এখন দেখা মিলছে তালের শাঁস বিক্রেতাদের।
গরমে স্বস্তি পেতে এবং শরীর ঠান্ডা রাখতে অনেকেই ভিড় করছেন এসব অস্থায়ী দোকানে। সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দেখা যায়, ছোট ছোট ভ্যান ও ঠেলাগাড়িতে সাজিয়ে রাখা হয়েছে কচি তালের শাঁস। প্রতিটা তালের শাঁস বিক্রি হচ্ছে ৫টাকায়। দোকানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লেগেই থাকে।
এলাকাবাসী জানান, সাধারণত শ্রমজীবী মানুষ, রিকশাচালক, ভ্যানচালক, শিক্ষার্থী ও পথচারীরা গরম থেকে সাময়িক স্বস্তি পেতে তালের শাঁস কিনে খায়। রোকসানা খাতুন বলেন, বাচ্চাদের জন্য প্রায়ই তালের শাঁস কিনে নিয়ে যাই। গরমে এটি শরীরের জন্য ভালো। তালের শাঁস বিক্রেতা হানিফ জানান, গরম বাড়ার সাথে সাথে বিক্রিও বেড়েছে। প্রতিদিন ভোরে বিভিন্ন এলাকা থেকে তাল সংগ্রহ করে শহরে আনা হয়।
গরম বাড়ার সাথে সাথে তাল শাঁস বিক্রি বেড়েছে। গরম যত বাড়ছে, বিক্রিও তত বাড়ছে। শহরের মেডিনোভা হাসপাতালের পরিচালক ডা. আকরামুজ্জান জানান, তালের শাঁসে রয়েছে প্রচুর পানি, খনিজ লবণ ও প্রয়োজনীয় পুষ্টি উপাদান, যা গরমে শরীরের পানিশূন্যতা দূর করতে সহায়তা করে। এছাড়া এটি শরীরকে সতেজ রাখে এবং তাৎক্ষণিক শক্তি জোগায়। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে বিক্রি হওয়া খাবার গ্রহণ করা উচিত।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172232