২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা

২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে ‘গ্রুপ এ’-এর এই ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় তিনি নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের সঙ্গে টুর্নামেন্টের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করবেন। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন জে বালভিন এবং মেক্সিকান পপ-রক ব্যান্ড মানার সদস্যরা।

উদ্বোধনী ম্যাচটি ২০১০ বিশ্বকাপের স্মৃতি ফিরিয়ে আনছে, সেবারও প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১৬ বছর পর আবারও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল, তবে এবার মেক্সিকোর ঘরের মাঠ আজটেকা স্টেডিয়ামে।

মেক্সিকোর রক্ষণভাগ শক্তিশালী, অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। তাদের শেষ আট ম্যাচের ছয়টিতে প্রতিপক্ষকে গোল করতে দেয়নি। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দ্রুতগতির কাউন্টার অ্যাটাকের জন্য পরিচিত, তারা বিশ্বকাপে শেষ নয়টি ম্যাচে প্রতিটি ম্যাচে গোল করেছে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান কেবল মেক্সিকোতেই নয়, কানাডায় দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হবে শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় টরন্টোর বিএমও ফিল্ডে। সেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারা।

উদ্বোধনী অনুষ্ঠানটির শেষ পর্ব বসবে শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং অ্যানিত্তা।

এভাবে তিন আয়োজক দেশের তিনটি পৃথক উদ্বোধনী অনুষ্ঠান ও একটি ঐতিহাসিক উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় উৎসব ২০২৬ ফিফা বিশ্বকাপ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172219