ফুটবল বিশ্বকাপের সেকাল-একাল

ফুটবল বিশ্বকাপের সেকাল-একাল

বিশ্বরাজনীতির মঞ্চে বাংলাদেশের অবস্থান কিংবা ভূ-রাজনৈতিক গুরুত্ব নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা প্রতিনিয়ত নানা সমীকরণ মেলান। অর্থনৈতিক সূচক বা ফিফা র‌্যাঙ্কিংয়ের গাণিতিক হিসেবেও এই দেশটির নাম হয়তো অনেক নিচের দিকে। কিন্তু ফুটবলকে ঘিরে উন্মাদনার যে একটি বিশ্বজনীন মানচিত্র রয়েছে, সেখানে বাংলাদেশের নাম খোদাই করা আছে সবার ওপরে। চার বছর পর পর যখন বিশ্বমঞ্চে ফুটবলের বাঁশি বেজে ওঠে, তখন আমাদের এই পলিমাটির বদ্বীপে যে অভূতপূর্ব দৃশ্যপট তৈরি হয়, তা পৃথিবীর আর কোথাও মেলা ভার। ভৌগোলিক সীমানা, রাজনৈতিক মেরুকরণ আর সংস্কৃতির সব কৃত্রিম দেয়াল এক নিমেষে ধূলিসাৎ করে দেয় ফুটবল বিশ্বকাপ। 

ফুটবল বিশ্বকাপ আসলে কেবল বাইশজন খেলোয়াড়ের মাঠের লড়াই নয়; এটি মানবসভ্যতার এমন এক মহোৎসব, যা কোটি কোটি মানুষের হৃদস্পন্দনকে একই ছন্দে মেলাতে পারে। বাঙালির এই ফুটবলপ্রেম কোনো সাময়িক মোহের বহিঃপ্রকাশ নয়, বরং এটি আমাদের এক গভীর মনস্তাত্ত্বিক ও সামাজিক বিবর্তনের গল্প। গত চার–পাঁচ দশকে প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালির ফুটবল দেখার ধরন বদলেছে, কিন্তু ভেতরের সেই আদিম ও অকৃত্রিম আবেগ রয়ে গেছে একদম অপরিবর্তিত। 

গত শতাব্দীর আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল ছিল মূলত ‘শ্রবণ-নির্ভর’ এক রোমাঞ্চ। তথ্যপ্রযুক্তির আলো তখনো ঘরে ঘরে পৌঁছায়নি। আজকের তরুণ প্রজন্মের কাছে যা প্রায় রূপকথার মতো মনে হতে পারে, সেই সময়ে বিশ্বকাপ ছিল এক শব্দ-তাড়িত জগত।বাজারের চায়ের দোকান কিংবা কোনো প্রবীণের বসার ঘরে একটি মাত্র ট্রানজিস্টার রেডিওকে কেন্দ্র করে জমা হতো উৎসুক মানুষের ভিড়।  ধারাভাষ্যকারের কণ্ঠের প্রতিটি চড়াই-উতরাই নিয়ন্ত্রণ করত শ্রোতাদের নাড়ির স্পন্দন। ধারাভাষ্যকার যখন চড়া গলায় বলতেন, “বল নিয়ে বিদ্যুৎগতিতে এগোচ্ছেন মারাদোনা, কাটিয়ে নিলেন দুজনকে...” তখন রেডিওর সামনে বসা হাজারো মানুষ চোখের পলক না ফেলে কল্পনার ক্যানভাসে এঁকে নিত সেই সবুজ মাঠ আর জাদুকরী ড্রিবলিংয়ের দৃশ্য। শব্দের সেই মায়াজাল মানুষকে এতটাই আবিষ্ট করত যে, মাঠের কঠিন বাস্তবতার চেয়ে কল্পনার সেই জগতটি অনেক বেশি জীবন্ত ও রঙিন হয়ে উঠত। মানুষের কান তখন চোখের কাজ করত। পরবর্তী সময়ে টেলিভিশনের ‘বোকা বাক্স’ যখন ধীরে ধীরে মানুষের ঘরে প্রবেশ করতে শুরু করল, তখন ফুটবল উপভোগের অভিজ্ঞতায় যুক্ত হলো এক নতুন সামাজিক মাত্রা। প্রথমে ছিল সাদাকালো টেলিভিশনের যুগ। ছোট্ট সেই পর্দায় বিশ্বকাপের খেলা দেখার মধ্যেও ছিল এক অনন্য উত্তেজনা, যা আজকের প্রজন্মের কাছে কল্পনার মতো মনে হতে পারে। 

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচের রাতে আশপাশের মানুষ ভিড় জমাত সেই টেলিভিশনের সামনে। শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে প্রবীণরাও জায়গা করে নিতেন দর্শকসারিতে। খেলা শুরু হওয়ার আগেই জমে উঠত আলোচনা, তর্ক-বিতর্ক আর ভবিষ্যদ্বাণীর আসর। আর ম্যাচ চলাকালে প্রিয় দলের একটি গোলেই মুহূর্তের মধ্যে উল্লাসে ফেটে পড়ত পুরো পরিবেশ। করতালি, চিৎকার আর আনন্দধ্বনিতে মুখর হয়ে উঠত চারপাশ। কেউ লাফিয়ে উঠত, কেউ একে অপরকে জড়িয়ে ধরত, আবার কেউ আনন্দে পতাকা নাড়াত। ম্যাচ শেষে প্রিয় দলের জয় নিশ্চিত হলে সেই উচ্ছ্বাস আর ঘরের চার দেয়ালে সীমাবদ্ধ থাকত না; ছড়িয়ে পড়ত রাস্তাঘাটে, অলিগলিতে এবং জনপদের প্রতিটি কোণে।

গভীর রাত কিংবা ভোররাত সময় তখন কোনো বাধা ছিল না। বিভিন্ন এলাকায় বের হতো আনন্দ মিছিল। পতাকা হাতে সমর্থকদের স্লোগান, বাঁশির তীক্ষ্ম শব্দ, ঢাক-ঢোলের তালে তালে উচ্ছ্বাস এবং মোটরসাইকেলের বহরে মুখর হয়ে উঠত চারপাশ। অন্যদিকে প্রিয় দলের পরাজয়ে নেমে আসত এক ধরনের বিষন্নতা, যার রেশ টিকে থাকত পরদিনও। চায়ের দোকান, স্কুল-কলেজ, অফিস কিংবা পাড়ার আড্ডায় চলত ম্যাচ বিশ্লেষণ, তর্ক-বিতর্ক এবং হার-জিতের নানা আলোচনা। ফুটবল তখন কেবল একটি খেলা ছিল না; এটি ছিল মানুষের সম্মিলিত আনন্দ-বেদনা ভাগাভাগির এক অসাধারণ সামাজিক উৎসব। 

কালের পরিক্রমায় বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা আজ ডিজিটাল যুগের এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আগের সেই কাপড়ের পর্দা আর প্রজেক্টরের স্থান দখল করেছে বিশালাকার এলইডি স্ক্রিন। উন্নত পিক্সেল, উচ্চ রেজোলিউশন এবং শক্তিশালী সাউন্ড সিস্টেমের কারণে খেলা দেখার অভিজ্ঞতা এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি জীবন্ত, বাস্তবসম্মত ও আকর্ষণীয়। শহর থেকে গ্রাম সর্বত্রই এখন বড় পর্দায় বিশ্বকাপ উপভোগের ধুম পড়ে যায়। তবে ফুটবল দেখার মাধ্যম বদলালেও আবেগের মূল উৎসটি একই জায়গায় রয়ে গেছে। এলইডি স্ক্রিনের ঝকঝকে আলোয় যখন মেসির জাদুকরী বাঁ পায়ের শট, রোনালদোর দুর্দমনীয় গোলক্ষুধা, নেইমারের শৈল্পিক পায়ের কারুকাজ কিংবা অন্য কোনো তারকার অবিশ্বাস্য মুহূর্ত ফুটে ওঠে, তখন পুরো এলাকা যেন মুহূর্তেই এক বিশাল ফুটবল গ্যালারিতে পরিণত হয়।

বাংলাদেশ কোনোদিন বিশ্বকাপের মূল মঞ্চে খেলবে কি না, তা হয়তো মহাকালের গর্ভেই লুকানো আছে। তবে ফুটবল নামক এই বৈশ্বিক মহাকাব্যের সবচেয়ে একনিষ্ঠ, বিশ্বস্ত ও আবেগী ‘সমর্থক’ হিসেবে বাঙালির নাম ইতিহাসের পাতায় চিরকাল অম্লান থাকবে। প্রযুক্তির জোয়ারে প্রচারের মাধ্যম বদলালেও রেডিওর তরঙ্গ থেকে স্মার্টফোনের স্ক্রিন পেরিয়ে ভবিষ্যতে হয়তো আরও অভাবনীয় কোনো মাধ্যম আসবে কিন্তু এই পলিমাটির মানুষের হৃদস্পন্দন আর ফুটবলের সেই চিরচেনা উন্মাদনা কখনোই হারিয়ে যাবে না। ফুটবল ছিল, ফুটবল আছে এবং ফুটবল থাকবে এই জনপদের এক নিঃস্বার্থ ও অনন্ত প্রেমের অনন্য উপাখ্যান হয়ে।

 

লেখক:

রাকিবুল ইসলাম

লেখক ও গবেষক। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172195