প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ
প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, প্রবাসীদের সমস্যা সমাধান, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, দূতাবাসের সেবার মান উন্নয়ন এবং অবৈধ অভিবাসন রোধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, যুদ্ধকবলিত বিভিন্ন দেশে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। এসব ঘটনায় সরকার পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ, সহায়তা প্রদান এবং মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করেছে।
অবৈধ অভিবাসন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, বিশেষ করে লিবিয়া হয়ে ইউরোপগামী পথে অনেক বাংলাদেশি দালাল চক্রের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছেন। এ সমস্যা মোকাবিলায় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রথমবারের মতো ‘মাইগ্রেশন উইং’ চালু করেছে, যা অভিবাসনসংক্রান্ত সমস্যা ও বিদেশে থাকা বাংলাদেশিদের সংকট মোকাবিলায় কাজ করবে।
তিনি আরও জানান, প্রবাসীদের কাছে পাসপোর্ট সেবা পৌঁছে দিতে দূতাবাসগুলো বিভিন্ন শহরে কনস্যুলার ক্যাম্প আয়োজন করছে। জরুরি সহায়তার জন্য ২৪ ঘণ্টার হটলাইনও চালু রয়েছে।
আটক ও অনিয়মিত অভিবাসীদের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন দেশের ডিটেনশন সেন্টার নিয়মিত পরিদর্শন করা হচ্ছে এবং ট্রাভেল পারমিটের মাধ্যমে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ৩৫০ থেকে ৪০০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
লেবানন-ইসরায়েল সংঘাতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তায় দূতাবাস কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি দূতাবাসে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
প্রতিমন্ত্রী বলেন, ইতালি ও লিবিয়া রুটে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে সরকার, সংশ্লিষ্ট দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এছাড়া জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলার প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সবশেষে তিনি বলেন, “রেমিট্যান্স যোদ্ধারা আমাদের গর্ব। দেশের অর্থনীতি ও উন্নয়নে তাদের অবদান অপরিসীম। তাদের সমস্যা সমাধান এবং পাশে দাঁড়ানো সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।”
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172150